২০ জন এটিটিআই প্রশিক্ষণার্থীদের সমাপনী সনদপত্র বিতরণ


ঢাকাঃ এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট (এটিটিআই) আটাবের একটি অঙ্গপ্রতিষ্ঠান যা বাংলাদেশের ভ্রমণ ও পর্যটন খাতকে এগিয়ে নিতে দক্ষ জনবল গঠনের লক্ষ্যে ২০০৭ সাল যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এভিয়েশন সেক্টরে এটিই একমাত্র ট্রেনিং ইনস্টিটিউট যেখানে এয়ারলাইন্স টিকেটিং ও রিজার্ভেশন এর উপর স্বল্প ও দীর্ঘ মেয়াদী দুটি কোর্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত। বিগত সময়ের ন্যায় এবারও এটিটিআই এর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী সনদপত্র ও আটাবের নবাগত সদস্যপদ সনদপত্র বিতরণী অনুষ্ঠান আটাব প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এ পর্যন্ত প্রায় ৩,০০০ প্রশিক্ষণার্থী এটিটিআই থেকে প্রশিক্ষণ শেষে দেশের পাশাপাশি বিদেশে ও বিভিন্ন ট্রাভেল এজেন্সি সহ এয়ারলাইন্সে কর্মরত আছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আটাব মহাসচিব আবদুস সালাম আরেফ। সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটাবের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকমান হোসেন মিয়া, নির্বাহী চেয়ারম্যান (সিনিয়র সচিব), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইওউঅ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারুকা বিক্রম আদিত্য, ম্যানেজার বাংলাদেশ, শ্রীলংকান এয়ারলাইন্স ও সাইফুল হক, জেনারেল ম্যানেজার ও সিইও, সেবার ট্রাভেল নেটওয়ার্ক।
২০ জন নতুন আটাব সদস্য ও ২০ জন এটিটিআই প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি লোকমান হোসেন মিয়া।
প্রধান অতিথি তার বক্তব্যে এভিয়েশন ও ট্যুরিজম সেক্টরে ভবিষ্যতে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগের অপার সুযোগ রয়েছে বলে জানান। আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশের পর্যটন আকর্ষণ যেমন নদীমাতৃক পর্যটন, কক্সবাজার, বান্দরবান, মহাস্থানগড় ইত্যাদি এর উন্নয়ন করতে পারলে বাংলাদেশের পর্যটনকে আরও উন্নত করার মাধ্যমে বৈদেশিক পর্যটক আকর্ষণ করা সম্ভব। বাংলাদেশের এটিটিআই এর প্রশিক্ষণ কার্য এবং বাংলাদেশ ট্যুরিজম ও এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার পেছনে এটিটিআই এর অবদান এর প্রশংসা করেন। এটিটিআই তে ভবিষ্যতে অন্তর্ভুক্ত হতে যাওয়া অন্যান্য প্রশিক্ষণ কোর্সের কার্যক্রমের জন্য শুভকামনা করেন। উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মানসূচক ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটাব সহ-সভাপতি আফসিয়া জান্নাত সালেহ, পাবলিক রিলেশন সেক্রেটারি আতিকুর রহমান, কালচারাল সেক্রেটারি তোয়াহা চৌধুরী, আটাব কার্যনির্বাহী সদস্য মনসুর আলম পারভেজ, আটাব কার্যনির্বাহী সদস্য সবুজ মুন্সী সহ আটাবের অন্যান্য নেতৃবৃন্দ ও আটাব সদস্যবৃন্দ।
- T










