ঢাকা বিমানবন্দরে চালু হলো শাটল বাস সেবা


ঢাকাঃ দেশি ও বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দরে যাতায়াত ও লাগেজ পরিবহনের সংকট দূর করার লক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে শাটল বাস সেবা।
২৬ জুন এই বাস সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
বিমানবন্দরে প্রাথমিকভাবে দুটি শাটল বাস দেয়া হয়েছে। বিমানবন্দর শাটল বাস সার্ভিস বিমানবন্দর টার্মিনাল-২ থেকে বিমানবন্দর গোলচত্বর, উত্তরা জসীমউদ্দীন রোড, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, বিমানবন্দর টার্মিনাল-৩ হয়ে আবার বিমানবন্দর গোলচত্বর ও বিমানবন্দর টার্মিনাল-২ এ পৌঁছাবে।
এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান বলেন, এ শাটলের উদ্দেশ্য হচ্ছে, যেসব যাত্রী দেশের বিভিন্ন জেলা থেকে এসে বিমানবন্দরের সামনে থামেন, তাদের বিমানবন্দরে নিয়ে আসা। আবার বিদেশ থেকে ফেরা যাত্রীদের মধ্যে যারা বিমানবন্দরের সামনে থেকে রেলস্টেশন বা বাসে উঠবেন, তাদের টার্মিনাল থেকে সেই গন্তব্যে নিয়ে যাওয়া।
একইদিনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকায় বিমানের সার্বিক কার্যক্রম নিয়ে বিমান ম্যানেজমেন্টের সাথে মতবিনিময় করেন।

উক্ত মতবিনিময় সভায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ জাহিদুল ইসলাম ভূঞা, বিমানের পরিচালকবৃন্দ ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সার্বিক কার্যক্রম সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়। মুহাম্মদ ফারুক খান যাত্রীসেবা, টিকেটিং ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন ইস্যুতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
- T










