পদ্মা সেতু দিয়ে যান চলাচল শুরু

এই ভোরের জন্য বহুকাল অপেক্ষায় ছিল পদ্মা পারের তথা দেশের দক্ষিণ-পশ্চিম জনপদের মানুষ। অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে পদ্মা সেতু। রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে শুরু হয় যান চলাচল।
আর্থিক, প্রকৌশল এবং রাজনৈতিক ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘতম সেতুটি উদ্বোধনের ফলে বহুদিনের স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। শনিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কাঙ্খিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন।
আজ থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ ফেরি ঘাটের ভয়াবহ দুঃস্বপ্ন ছেড়ে সেতুর উপর দিয়ে মাত্র ৬ মিনিটে সড়কপথে সরাসরি রাজধানী সহ নিজস্ব গন্তব্যে পৌঁছবেন।
স্বপ্নের সেতু শুধু রাজধানী ঢাকা এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত সরাসরি সড়ক ও রেল যোগাযোগই স্থাপনই করেনি এটি এশিয়ার দেশগুলোর মধ্যে বৃহত্তর সংযোগ ও বাণিজ্যের দুয়ারও খুলে দিয়েছে।
সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুতে ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জারি করা এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পদ্মা সেতুর নিরাপত্তা ও স্থায়িত্ব রক্ষার্থে ব্যবহারকারীদের জন্য কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
-B










