২ ঘণ্টায় ১৬ বার অবতরণে ব্যর্থ ১১ উড়োজাহাজ
দুই ঘণ্টা, ১১ টি উড়োজাহাজ, ১৬ বার ব্যর্থ চেষ্টা – শুক্রবার (১৯ আগস্ট) জোরদার প্রবল বাতাসের কারণে এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল কলকাতা বিমানবন্দরে।
সূত্রমতে, প্রবল হাওয়ার কারণে একাধিকবার উড়োজাহাজের ভারসাম্য বজায় রাখা যায়নি। সেই পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে অবতরণ না করে উড়োজাহাজের মুখ ঘুরিয়ে নেন পাইলটরা।
বঙ্গোপসাগরে জন্ম নেওয়া নিম্নচাপের জেরে শুক্রবার কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের একাংশে ঝোড়ো হাওয়া বইছিল। ওই সুত্রা নুযায়ী, সেই ঝোড়ো হাওয়ার জেরে উড়োজাহাজের অবতরণের ক্ষেত্রে সমস্যায় পড়েন পাইলটরা। উড়োজাহাজের গতিপথের সঙ্গে উল্লম্বভাবে হাওয়া বইতে থাকায় শুক্রবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছ’টা ৩০ মিনিট এবং রাত আটটার পর কিছুক্ষণ কলকাতা বিমানবন্দরে অবতরণের কাজটা মারাত্মক কঠিন হয়ে পড়ে। তাই ২৪ টির বেশি উড়োজাহাজ আকাশে চক্কর কাটতে থাকে। কয়েকটি উড়োজাহাজ অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়।
এমনিতে চৈত্রের শেষ থেকে বৈশাখ পর্যন্ত কালবৈশাখীর সময় এরকম দমকা হাওয়া বইতে থাকে। তার জেরে উড়োজাহাজ অবতরণের ঝুঁকি নেন না পাইলটরা। আকাশে কিছুক্ষণ চক্কর কাটেন। তারপর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সবুজ সংকত পেলে কলকাতায় অবতরণ করেন। তাহলে শুক্রবার কেন এত সমস্যা হল?
ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা অনেকক্ষণ ছিল। প্রায় দু’ঘণ্টা প্রবল বেগে হাওয়া বইছিল। যা কালবৈশাখীর সময় মেরেকেটে ২০ মিনিট হয়। সেটাই যাবতীয় পার্থক্য গড়ে দিয়েছিল। সেজন্যই একাধিকবার অবতরণের চেষ্টা করেও সফল হতে পারেননি পাইলটরা।
ভিস্তারার একটি উড়োজাহাজ তো প্রায় রানওয়ে ছুঁয়ে ফেলেছিল। কিন্তু হাওয়ার কারণে রানওয়ে না ছুঁয়ে ফের উড়ে যায় বলে জানা যায়।
-B










