কলকাতা স্টেশনে আরও ২ টিকিট কাউন্টার
ভারত-বাংলাদেশের যাত্রীদের সুবিধার্থে

পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। কোভিড-১৯ সংক্রান্ত সরকারি বিধিনিষেধও এখন পুরোপুরি শিথিল।
তাই পর্যটন মওসুমের কথা মাথায় রেখে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেল যাত্রীদের সুবিধার্থে কলকাতা রেল স্টেশনে দুটি অতিরিক্ত টিকিট কাউন্টার খুলল ভারতীয় রেল।
কলকাতা ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস এবং মিতালী এক্সপ্রেসের যাত্রীরা এই দুই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন বলে পূর্বরেল কর্তৃপক্ষ জানিয়েছে।
এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘আগে দুইটি টিকিট কাউন্টার ছিল। বর্তমানে আরও দুইটি টিকিট কাউন্টার চালু হল। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক রেলের যাত্রীদের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে যাত্রীরা ভীষণ উপকৃত হবেন।
কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরেই পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে ভ্রমণকারীর চাহিদা ব্যাপক হারে বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটির দিন বাদে সপ্তাহের অন্য দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকিট কাউন্টারগুলো খোলা থাকবে।’
উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে মোট তিনটি আন্তর্জাতিক ট্রেন চলাচল করে। এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত, বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে খুলনা, অন্যদিকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ঢাকায় চলাচল করে মিতালী এক্সপ্রেস।
এর আগে মিতালী এক্সপ্রেসের যাত্রীদের সুবিধার জন্য গুয়াহাটি রেল স্টেশনে একটি টিকিট কাউন্টার খুলেছিল উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেলওয়ে।
-B










