ষাটগম্বুজ মসজিদ ভ্রমণে সুইডেন-জার্মানির ২০ পর্যটক

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে ঘুরে গেলেন সুইডেন-জার্মানির ২০ জন পর্যটক।
শুক্রবার (২২ মার্চ) সকালে মোংলা থেকে সড়ক পথে ষাটগম্বুজ মসজিদে আসেন বিদেশি পর্যটকরা। দীর্ঘ সময় ষাটগম্বুজ মসজিদ, ঘোড়া দিঘী ও আশপাশের প্রাচীন স্থাপনা ঘুরে দেখে আবার সড়ক পথে মোংলায় ফেরেন তারা। মুসলিম স্থাপত্যের অনন্য নিদর্শন প্রাচীন এই স্থাপনা দেখে আনন্দ প্রকাশ করেন তারা।
এর আগে বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে ভারতীয় বিলাসবহুল প্রমোদতরী এম ভি গঙ্গা বিলাসে মোংলা বন্দর এলাকায় পৌঁছায় এ বিদেশি পর্যটকরা। তারা সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। বিদেশি দর্শনার্থীদের মধ্যে সুইডেনের ১৫ এবং জার্মানের পাঁচজন নাগরিক রয়েছে।
বাগেরহাট টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘যথাযথ নিরাপত্তার মধ্য দিয়ে বিদেশি পর্যটকরা ষাটগম্বুজ ভ্রমণ করেছেন। সড়ক পথে মোংলা পৌঁছে, আজই প্রমোদতরী গঙ্গা বিলাসে নদী পথে খুলনার আংটিহারা এলাকায় ইমিগ্রেশন শেষ করবেন বিদেশিরা। সকল প্রক্রিয়া শেষে তারা ভারতের উদ্দেশ্যে বাংলাদেশি জলসীমা ত্যাগ করবেন।’
-B










