ইউএস-বাংলার বহরে যুক্ত হচ্ছে ২০তম এয়ারক্রাফট

বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে এটিআর ৭২-৬০০। আগামীকাল রবিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরনের কথা রয়েছে এটিআর ব্র্যান্ডের এই এয়ারক্রাফটটির।
নতুন যুক্ত হতে যাওয়া এয়ারক্রাফটে মোট আসন সংখ্যা হবে ৭২টি।
শুক্রবার (২১ জুলাই) রাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। নতুন যুক্ত হতে যাওয়া এটিআর ৭২-৬০০সহ মোট ২০টি এয়ারক্রাফট হবে ইউএস-বাংলা এয়ারলাইন্সের। এর মধ্যে রয়েছে ৮টি বোয়িং ৭৩৭-৮০০, ৯টি এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট।
তিনি জানান, নতুন এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটি ফ্রান্সের ব্লাগনাক এয়ারপোর্ট থেকে মিশরের কায়রো হয়ে ওমানের মাস্কাট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন অভ্যন্তরীণ রুট ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করা হবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সব রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে। চলতি বছর ইউএস-বাংলার বহরে ৬টি ওয়াইড বডি এয়ারক্রাফট যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
-B










