১২ ঘণ্টা পর সৈয়দপুর ছাড়লেন বিমানের ২৫ যাত্রী

সৈয়দপুর বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি বিমানের সামনের চাকায় ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। তবে বিমানে থাকা ২৫ যাত্রী শহরের আবাসিক হোটেলে রাত্রিযাপনের পর একটি বেসরকারি বিমান সংস্থার দিনের প্রথম ফ্লাইটে তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় নভোএয়ারের ফ্লাইটে সৈয়দপুর ছাড়েন তারা।
ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে ২৫ জন যাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট (বিজি ৪৯৬) সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়। পরে শহরের একটি আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা হলে সেখানে রাত্রিযাপন করেন যাত্রীরা।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় সেই যাত্রীদের নভোএয়ারের (নভো-৯৬২) ফ্লাইটে তুলে দেওয়া হয়। বাংলাদেশ বিমানের চাকা মেরামত করতে আরও সময় লাগবে, ঢাকা থেকে এখনো ইঞ্জিনিয়ার আসেননি। ইঞ্জিনিয়ার আসার পর চাকা মেরামত করা হবে।
-B










