সৌদিতে সপ্তাহে ৩ দিন ছুটির পরিকল্পনা

বিশ্বের অনেক দেশই ৪ দিন অফিস ও ৩ দিন ছুটির ব্যবস্থা চালু করেছে।
গত বছর (২০২২) থেকে সংযুক্ত আরব আমিরাত সপ্তাহে ৪ দিন অফিস চালু করেছে। ছুটি দিয়েছে ৩ দিন। এবার সেই পথ অনুসরণের পরিকল্পনা করছে সৌদি আরব। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব ৩ দিন সাপ্তাহিক ছুটি করার পরিকল্পনা করছে।
সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, তারা সপ্তাহে ৪ দিন অফিস এবং ৩ দিন ছুটির পরিকল্পনা নিয়ে ভাবছে। দেশটিতে বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠান ও সংস্থায় সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১২ মার্চ) দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে বলেছে, অত্যন্ত সক্রিয়ভাবে তারা শ্রমব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে।
সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, বর্তমানে দেশের শ্রমব্যবস্থা পর্যালোচনা করা হচ্ছে। যে কোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে অনেক কোম্পানিতে ৪ দিন অফিস ও ৩ দিন ছুটির ব্যবস্থা করছে। দিন দিন এই ব্যবস্থা জনপ্রিয় হচ্ছে। এটি ইউরোপে জনপ্রিয় হলেও আফ্রিকার অনেক বেসরকারি প্রতিষ্ঠানে চালু হয়েছে।
-B










