সৌদি বন্দরে ৩২ কোটি টন কার্গো হ্যান্ডলিং

রিয়াদ : সৌদি আরবের বন্দরগুলোয় গত বছর ৩২ কোটি ৭ লাখ ৮০ হাজার টন কার্গো হ্যান্ডলিং হয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ১৪ দশমিক ৪৫ শতাংশ বেশি। হ্যান্ডলিং সক্ষমতায় এ বৃদ্ধির জন্য দেশটির সামুদ্রিক বন্দরের অবকাঠামোগত উন্নতির দিকে ইঙ্গিত করছেন সংশ্লিষ্টরা।
সৌদি পোর্টস অথরিটির তথ্য অনুযায়ী, গত বছর টোয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট (টিইইউ) কনটেইনার রফতানি ৮ শতাংশ ৮৬ শতাংশ বেড়ে ২৮ লাখ হয়েছে, যা ২০২৩ সালে ছিল ২৫ লাখ ৯০ হাজার টিইইউ। এছাড়া ২০২৩ সালে সৌদি বন্দরের মোট পণ্য ওঠানামা করেছিল ৩০ কোটি ৫ লাখ ৪০ হাজার টন।
অর্থনীতি বৈচিত্র্যকরণ পরিকল্পনা ‘সৌদি ভিশন ২০৩০’-এর অধীনে বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের পদক্ষেপ নিয়ে এগোচ্ছে উপসাগরীয় দেশটি। বন্দরের সক্ষমতা বৃদ্ধি জাতীয় পরিবহন ও লজিস্টিকস কৌশলের সঙ্গে সংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, ক্রমবর্ধমান সক্ষমতা সৌদি আরবকে একটি বৈশ্বিক লজিস্টিকস কেন্দ্র হিসেবে অবস্থান তৈরিতে সাহায্য করছে।
দেশটিতে ২০২৪ সালে কনটেইনার আমদানি ১৩ দশমিক ৭৯ শতাংশ বেড়ে ২৯ লাখ ৮০ হাজার টিইইউ হয়েছে, যা ২০২৩ সালে ছিল ২৬ লাখ ২০ হাজার টিইইউ। লয়েডস লিস্টের রিপোর্ট অনুযায়ী সৌদি আরব কনটেইনার হ্যান্ডলিংয়ে ২০২৪ সালে বিশ্বের ১৫তম স্থান অর্জন করেছে।
-B










