ঢাকায় ৩ দিনের মার্কিন বাণিজ্য মেলা শুরু

ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) শুরু হয়েছে তিন দিনের মার্কিন বাণিজ্য মেলা (ইউ এস ট্রেড শো)।
২৮তম মার্কিন বাণিজ্য মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি. হাস।
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশে প্রাপ্য উচ্চমান সম্পন্ন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলোকে তুলে ধরা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক ৫০ বছরের। ৩০ বছর ধরে এই ট্রেড শো অনুষ্ঠিত হচ্ছে। এই আয়োজনের জন্য আমেরিকান চেম্বার অফ কমার্সকে ধন্যবাদ জানাই।’
তিনি বলেন, ‘আমি নিজেও রেডিমেড গার্মেন্টস দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। শুরু থেকে যুক্তরাষ্ট্র আমাদের সাহায্য করে আসছে। আমি যখন বিজিএমইএ-এর সভাপতি ছিলাম তার আগে থেকে এখন পর্যন্ত যে কোনো বাণিজ্যিক কাজে আমরা যুক্তরাষ্ট্রের সাহায্য পেয়ে আসছি।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সফররত মার্কিন বাণিজ্য বিষয়ক সহকারী সচিব অরুণ ভেঙ্কটরমন ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।
রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক চমৎকার। প্রায় দুই দশক ধরে অ্যামচেমের সঙ্গে কো-স্পন্সর হিসেবে কাজ করছি আমরা। এই শো-এর মাধ্যমে আমরা যুক্তরাষ্ট্রের সর্বোৎকৃষ্ট পণ্যগুলো বাংলাদেশের বাজারে উন্মুক্ত করতে চাই।’
অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, ‘দীর্ঘ ৩০ বছর ধরে এ শো হয়ে আসছে। এটা অনেক বড় একটা অর্জন। করোনার সময়ে বন্ধ থাকলেও আড়াই বছর পর আমরা স্বরূপে ফিরে এসেছি।’
তিনি বলেন, ‘প্রথম এই ট্রেড শো হয়েছিল ১৯৯২ সালে। তখনকার সময়ে এক বিলিয়ন ডলারের বাণিজ্য আজ বেড়ে হয়েছে ৮ বিলিয়ন ডলার। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো বাংলাদেশের বাজারে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। সামনে এটা আরও বাড়বে আশা করি।’
আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনীতে বাংলাদেশে প্রাপ্য উচ্চমান সম্পন্ন, যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পণ্য ও সেবাগুলোকে তুলে ধরা হচ্ছে।
ইউএস ট্রেড শো-তে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলো অংশগ্রহণ করেছে। এতে যুক্তরাষ্ট্রের ভিসা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ, বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নে ইউএসএইডের কর্মকাণ্ড ও মেধাস্বত্ব বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাস সেমিনারের আয়োজন করেছে।
জ্বালানি, ব্যাংকিং ও আর্থিক সেবা, খাদ্য ও পানীয়সহ বিভিন্ন খাতে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চল্লিশটির বেশি ব্র্যান্ড এতে অংশগ্রহণ করেছে।
ট্রেড শো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে প্রবেশমূল্য ধরা হয়েছে ৩০ টাকা। তবে পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। শোতে ৪৪টি দেশি-বিদেশি স্টলে একশরও বেশি পণ্য প্রদর্শন করা হচ্ছে।
-B










