বন্ধ হচ্ছে থ্রিজি সেবা

টুজি, থ্রিজি, ফোরজির পর এখন বাংলাদেশ ফাইভজি’র যুগে প্রবেশ করেছে। যার মাধ্যমে শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনীতি ও প্রযুক্তি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তনের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
পঞ্চম শিল্প বিপ্লবের এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ফাইভজি’র জন্য তরঙ্গ নিলাম, পরীক্ষামূলক চালু, টেকনিউট্রালিটি, ফাইবার অপটিক্যাল ক্যাবল স্থাপনসহ সম্পন্ন হয়েছে সকল প্রস্তুতিও। এখন অপেক্ষা ব্যবহারের ক্ষেত্রগুলোকে ফাইভজি উপযোগী করা।
দেশ যখন ফাইভজি’র জন্য প্রস্তুতি নিচ্ছে তখন আগামী বছর থেকেই বন্ধ করে দেয়া হচ্ছে থ্রিজি সেবা। সংশ্লিষ্টরা বলছেন, থ্রিজি’র পরবর্তী এবং আপগ্রেডেড ভার্সনই হচ্ছে ফোরজি। ফোরজি থাকলে থ্রিজি’র প্রয়োজনীয়তা থাকে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে টেলিকম এন্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত ‘৫জি প্রযুক্তি: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক গোলেটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে থ্রিজি’র আর কোন প্রয়োজনীয়তা নেই, থ্রিজি থাকার কোন কারণ নেই। এটি আর কাজে আসবে না। এজন্য আগামী ১ জানুয়ারি থেকে থ্রিজি মোবাইল হ্যান্ডসেট, ডিভাইস উৎপাদন ও থ্রিজি পণ্য আমদানি বন্ধ করে দেয়া হবে।
বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সূত্রে জানা যায়, সামনের দিনগুলোতে ভয়েস কলের জন্য টুজি সেবা, কানেক্টিভিটির জন্য ফোরজি এবং শিল্প ও উন্নত প্রযুক্তির জন্য ফাইভজি সেবা বিদ্যমান থাকবে। তাই ধীরে ধীরে থ্রিজি সেবা কমিয়ে আনা হচ্ছে। রবি আজিয়াটার চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার মোহাম্মদ শাহেদুল আলম বলেন, আমরা রবির সকল সাইটে ফোরজি করে ফেলেছি। যেসব এলাকায় থ্রিজি হ্যান্ডসেট রয়েছে কেবল সেগুলোতে সীমিত আকারে থ্রিজি সেবা চালু রেখেছি। নতুন করে যেসব সাইট হচ্ছে সবগুলোই ফোরজি ও ফাইভজি’র জন্য করা হচ্ছে।
রবির ২৫ বছর পূর্তি উপলক্ষে টিআরএনবি-রবি যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টিআরএনবির সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান রবিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সন্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র সহযোগী অধ্যাপক ড. খালেদ মাহমুদ।
গ্রামীণফোনের কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার হোসেন সাদাত বলেন, ফাইভজির শুরুতে আমাদের ইকোসিস্টেম পরিবর্তন করতে হবে, টাওয়ারগুলোতে প্রচুর বিদ্যুৎ লাগবে, সেই বিদ্যুৎ দিতে পারবো কিনা?
অনুষ্ঠানে বাংলালিংক’র রেগুলেটরি অপারেশন’র ডেপুটি ডিরেক্টর মুখলেসুর রহমান, টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক রেজাউল করিম রিজভী, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক, অ্যামটব মহাসচিব এস এম ফরহাদসহ টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট অন্যান্যরা বক্তব্য রাখেন।
-B










