এয়ার ইন্ডিয়ায় যুক্ত হচ্ছে আরো ৫০০ উড়োজাহাজ
মালিকানা পরিবর্তনের পর যাত্রীসেবা ব্যবস্থা ঢেলে সাজাতে চায় এয়ার ইন্ডিয়া। পরিবর্তন আনতে চায় বাহন থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুতেই। সেজন্য বহরে নতুন ও আধুনিক মডেলের উড়োজাহাজ যুক্ত করতে চলেছে এয়ারলাইনসটি।
পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে দুটি উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে ৫০০ বাহন কেনার চুক্তি হয়েছে। ফ্রান্সের এয়ারবাস ও যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে এ চুক্তি সই হয়েছে।
একটি সূত্র জানিয়েছে, এয়ারবাসের সঙ্গে ২৫০টি বাহন কিনতে চুক্তি হয়েছে। এর মধ্যে ২১০টি একক আইলবিশিষ্ট এ৩২০ নিও মডেল এবং ৪০টি প্রশস্ত আকারের এ৩৫০ এস মডেল। এছাড়া বোয়িংয়ের কাছ থেকে কেনা হচ্ছে ১৯০টি ন্যারো বডির ৭৩৭ ম্যাক্স, প্রশস্ত আকারের ২০টি ৭৮৭ মডেল এবং ১০টি ৭৭৭এক্সএস মডেল।
শুক্রবার (১০ ফেব্রুয়ারী) এয়ারবাস ও এয়ার ইন্ডিয়ার মধ্যে চুক্তি সই হয়েছে বলে জানা গেছে। এর আগে গত মাসের ২৭ তারিখ বোয়িংয়ের সঙ্গে চুক্তি সই হয়। এর ঠিক এক বছর আগে ভারত সরকারের হাত থেকে এয়ার ইন্ডিয়ার মালিকানা আবারো ফেরে টাটা গ্রুপের হাতে। অবশ্য এসব চুক্তির বিষয়ে তিনটি পক্ষের কারোরই বক্তব্য পাওয়া যায়নি। তবে ২৭ জানুয়ারি কর্মীদের একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া ঐতিহাসিক ক্রয়াদেশ চুক্তির বিষয়টি জানিয়েছিল।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন ও বৃহৎ এসব ক্রয়াদেশ ও চুক্তিই বলে দিচ্ছে যে এয়ার ইন্ডিয়া আধুনিক পরিষেবা দেয়ার পরিকল্পনা করছে। সেই সঙ্গে লোকসান কাটিয়ে এয়ার ইন্ডিয়ার পুরোনো ঐহিত্যও ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। বিশেষ করে দিল্লি ও মুম্বাইয়ের যে ব্যবসা এমিরেটস এয়ারলাইনসের ঘরে গেছে, সেটিও পুনরুদ্ধার করতে চায় এয়ার ইন্ডিয়া। সব মিলিয়ে যে ৪০০ ন্যারো বডির বাহনের ক্রয়াদেশ দেয়া হয়েছে এগুলো এয়ার ইন্ডিয়াকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে আধিপত্য বিস্তার করতে সহায়তা করবে। সেই সঙ্গে ইন্ডিগো এয়ারলাইনসের সঙ্গেও একধরনের প্রতিযোগিতা তৈরি হবে।
কভিড-১৯ মহামারী চলাকালে যে কয়টি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল আকাশপথে যাত্রীসেবা। মহামারীর ধকল কাটিয়ে খাতটিতে লেগেছে পুনরুদ্ধারের ছোঁয়া। খাতসংশ্লিষ্টরা বলছেন, এয়ার ইন্ডিয়ার বহরে এসব বাহন যুক্ত হলে কোম্পানিটিকে বৈশ্বিক বৃহৎ এয়ারলাইনসের কাতারে নিয়ে যাবে। সেই সঙ্গে ভারতের স্থানীয় বাজারে পর্যটন খাতের পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মহারাজা মাস্কটের এয়ার ইন্ডিয়া এর অঙ্গসজ্জা ও দারুণ পরিষেবার জন্য একটা সময় পর্যন্ত বিখ্যাত ছিল। ২০০০ সালের মাঝামাঝি আর্থিক নানা সংকটের কারণে খ্যাতির চূড়া থেকে এর পতন ঘটে। নতুন মালিকের অধীনে এয়ার ইন্ডিয়া তার হারানো খ্যাতি পুনরুদ্ধার করতে চায়। সেই সঙ্গে বিশ্বমানের এয়ারলাইনস হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়।
-B










