বিমানের ৫ কর্মকর্তা বরখাস্ত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে দুটি উড়োজাহাজের ধাক্কা ও ক্ষয়ক্ষতির ঘটনায় বিমানের প্রধান (প্রিন্সিপাল) প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলামসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া অপর চারজন হলেন- প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম, সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান।
বুধবার (১১ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ কর্মকর্তাদের বিরুদ্ধে সাময়িকভাবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিপূর্ণ তদন্ত শেষে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, শাহজালাল বিমানবন্দরের হ্যাঙ্গারে (উড়োজাহাজ রক্ষণাবেক্ষণের স্থান) গত ১০ এপ্রিল বোয়িং ৭৭৭-৩০০ ইআরের সামনের অংশ (নোজ) বোয়িং ৭৩৭-৮০০ এর পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়। এতে দুটি উড়োজাহাজই বেশ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে সেদিন বিমান একটি তদন্ত কমিটি করে ও পরদিন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আরেকটি তদন্ত কমিটি করে।
-B










