ক্রিসমাস ডিনারের পর এয়ারবাস আটলান্টিকের ৭০০ কর্মী অসুস্থ

বড়দিনের এক সপ্তাহ আগেই ক্রিসমাস ডিনারের আয়োজন করে এয়ারবাস আটলান্টিক। কিন্তু আনন্দের পরিবর্তে দুঃস্বপ্নে পরিণত হয়েছে ইভেন্টটি। ওইদিন খাবার খেয়ে ৭ শতাধিক কর্মী অসুস্থ হয়ে পড়েছেন। ফরাসি স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম।
স্বাস্থ্য সংস্থা এআরএস বলছে, এ অ্যারোস্পেস গ্রুপের কর্মীরা বমি ও ডায়রিয়ায় ভুগছিলেন। পশ্চিম ফ্রান্সের একটি স্থাপনায় কর্মরত আছেন তারা।
বড়দিনের আগে উৎসবের মেনুতে কী ছিল, যা কর্মীদের রাতে ঘুম কেড়ে নিয়েছে তা অবশ্য এখনো স্পষ্ট নয়। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি এয়ারবাস কর্তৃপক্ষ।
এয়ারবাস আটলান্টিক বিশ্বের বৃহত্তম বিমান নির্মাতা এয়ারবাসের একটি সহযোগী প্রতিষ্ঠান। পাঁচটি দেশে তাদের ১৫ হাজার কর্মী রয়েছে।
গত সপ্তাহে অনুষ্ঠিত ডিনারে ঠিক কী খাবার দেয়া হয়েছিল তার বিশদ বিবরণ দেয়নি এআরএস। তবে শুক্রবার (২২ ডিসেম্বর) জানিয়েছে, ওই কর্মীদের অসুস্থতায় ‘বমি বা ডায়রিয়ার লক্ষণ’ ছিল। খাদ্যে বিষক্রিয়ার উৎসের খুঁজে তদন্ত শুরু হচ্ছে বলেও জানানো হয়।
এয়ারবাসে বিশ্বব্যাপী ১ লাখ ৩৪ হাজার কর্মী রয়েছে। উড়োজাহাজ, হেলিকপ্টার, প্রতিরক্ষা, মহাকাশ ও নিরাপত্তা সম্পর্কিত শিল্পে পণ্য ও পরিষেবা সরবরাহ করে প্রতিষ্ঠানটি।
-B










