ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেলেন ৮ পর্যটক

তুরস্কের বিমান হামলায় উত্তর ইরাকে আট পর্যটক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় মেয়র মুশির মোহাম্মদ বলেছেন, আধা-স্বায়ত্তশাসিত কুর্দি-নিয়ন্ত্রিত অঞ্চলের জাখো জেলার বারখের রিসোর্ট এলাকায় গতকাল বুধবার (২০ জুলাই) অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এখানে ঘুরতে আসা এসব পর্যটক হতাহত হন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও দুই শিশু রয়েছে বলে জানিয়েছেন জাখো স্বাস্থ্য কর্মকর্তা আমির আলী।
উল্লেখ্য, গরমের মৌসুমে শত শত ইরাকি পর্যটক দক্ষিণ থেকে কুর্দি অঞ্চলে আসেন। কারণ এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে শীতল। জাখোর পর্যটন স্থানগুলো তুরস্কের সামরিক ঘাঁটির কাছাকাছি।
ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-কাদিমি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ওই এলাকায় পাঠিয়েছেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। আল-কাদিমি টুইটারে লিখেছেন, ‘তুর্কি বাহিনী ইরাকের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন করেছে।’
এদিকে হতাহতের এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা হামলার দায় অস্বীকার করেছে এবং এক বিবৃতিতে বলেছে, এটি সন্ত্রাসীদের কাজ।
বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সত্য উদ্ঘাটন করতে (হামলার ঘটনার) তুরস্ক সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক আইন মেনেই তুরস্ক সামরিক অভিযান পরিচালনা করেছে এবং বেসামরিক হতাহতের বিষয়টি এড়াতে সর্বোচ্চ চেষ্টা করেছে।
-B










