মাঝ-আকাশে বিচ্ছুর কামড়ে অসুস্থ যাত্রী
যত কাণ্ড মাঝআকাশে! উড়ন্ত উড়োজাহাজের মধ্যেই মহিলা যাত্রীকে কামড়াল কাঁকড়া বিছে। ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। যা নিয়ে মাঝআকাশেই ধুন্ধুমার কাণ্ড বাঁধে। তারপর ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করতেই এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে ওই যাত্রীর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
জানা যায়, মাঝআকাশে মহিলা যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ানোর ঘটনাটি ঘটেছে গত মাসে। এয়ার ইন্ডিয়ার তরফে বিবৃতি দিয়ে বলা হয়, “২৩ এপ্রিল, ২০২৩ তারিখে আমাদের নাগপুর-মুম্বই AI630 ফ্লাইটে এক যাত্রীকে কাঁকড়া বিছে কামড়ানোর ঘটনাটি ঘটেছে। এটা খুবই বিরল এবং দুর্ভাগ্যজনক ঘটনা।” এই ঘটনার পরই পাইলট ATC-র মাধ্যমে মুম্বই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং গোটা ঘটনাটি জানিয়ে চিকিৎসক দল মোতায়েন রাখার কথা বলেন। তারপর মুম্বই বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর ওই যাত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় এবং পরে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার পরিচ্ছন্নতা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
‘দুর্ভাগ্যজনক’ এই ঘটনার পর প্রোটোকল মেনে ফ্লাইটটির ভিতর পরিদর্শন করা হয় এবং কাঁকড়া বিছেটিকে খুঁজে পাওয়া যায় । এই ঘটনার পর উড়োজাহাজের ক্যাটারিং বিভাগকে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এবং প্রয়োজনে সিটগুলিতে ছারপোকা, পতঙ্গ-নাশক দেওয়ার কথা বলা হয়েছে বলে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে।
যদিও এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে এরকম ঘটনা এটাই প্রথম নয়। গত বছর ডিসেম্বরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কার্গো উড়োজাহাজের ভিতর একটি সাপ উদ্ধার হয়েছিল। ওই কার্গো উড়োজাহাজটি কালিকট বিমানবন্দর থেকে ছেড়েছিল এবং উড়োজাহাজের ভিতর সাপ দেখার পরই উড়োজাহাজটি দুবাই বিমানবন্দরে অবতরণ করানো হয়।
-B










