মিশরে আজ শুরু হচ্ছে ১৩ দিনব্যাপী জলবায়ু সম্মেলন

সমষ্টিগত জলবায়ু লক্ষ্য অর্জনে ব্যবস্থা নিতে মিশরের সমুদ্রতীরবর্তী বিলাসবহুল রিসোর্ট ও পর্যটন শহর শার্ম আল শেখে আজ রোববার(৬ নভেম্বর)থেকে শুরু হচ্ছে ২৭তম বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপ-২৭। সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
১৩ দিনব্যাপী সম্মেলনের এবারের আয়োজনে বাংলাদেশসহ ১৯৮টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাদের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিশ্বের সবচেয়ে বড় এই জলবায়ু সম্মেলনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ নিজেদের প্রস্তাবনা তুলে ধরবে।
বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ৪০ হাজার মানুষ, ১০০টিরও অধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধি, বিজ্ঞানী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এ সম্মেলন উপলক্ষে শার্ম আল শেইখে জড়ো হয়েছেন।
জাতিসংঘের পরিবেশ সংস্থার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক সম্প্রদায় এখনও ২০১৫ সালের প্যারিস চুক্তির লক্ষ্য থেকে অনেক পিছিয়ে। বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ সেন্টিগ্রেড মাত্রার নিচে রাখার অঙ্গীকার করেছে বিশ্ব সম্প্রদায়। তবে কার্বন নিঃসরণ কমানোর জন্য বিভিন্ন দেশের সরকারের পরিকল্পনা এখনও অপর্যাপ্ত।
পরিবেশবাদী নেতারা উন্নত দেশগুলোকে আরও বেশি পদক্ষেপ নিতে বলছেন। এ সম্মেলনে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার লোক অংশ নেবেন, যার মধ্যে ২৪ হাজার কূটনীতিক এবং ১৩ হাজার পর্যবেক্ষক।
কনফারেন্স অব দ্য পার্টিসের সংক্ষিপ্ত রূপ কপ। এটি বিশ্বে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘের একটি উদ্যোগ।
১৯৯৫ সালে কপের প্রথম সম্মেলন হয়। ১৯৯৯ সালে ব্রাজিলের রিও ডি জেনেরিতে কপের জলবায়ু সম্মেলনে ‘জলবায়ু পরিবর্তন’ ইস্যুটি প্রথমবারের মতো সামনে আসে।
২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে কপ সম্মেলন অনুষ্ঠিত হয়নি। সবশেষ গত বছর স্কটল্যান্ডের গ্লাসগোতে কপের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
-B










