উড়োজাহাজে পাখির ধাক্কা॥ জরুরি অবতরণ বারাণসীতে
আবার আকাশে পাখির ধাক্কায় মুম্বইগামী ভিস্তারা ফ্লাইট জরুরি অবতরণে বাধ্য হল বারাণসী বিমানবন্দরে।
শুক্রবার (৫ আগস্ট ) বিবৃতি দিয়ে এমনই জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
বিবৃতিতে জানানো হয়, ভিস্তারা এ ৩২০ এয়ারক্র্যাফট ভিটি-টিএনসি ফ্লাইটটি (বারাণসী-মুম্বই) পাখির ধাক্কার কারণে পুনরায় বিমানবন্দরে অবতরণ করেছে। ফ্লাইটে থাকা সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলেও জানানো হয়েছে। তবে উড়োজাহাজটির র্যাডোমের ক্ষতি হয়েছে।
অন্য দিকে, ভিস্তারা কর্তৃপক্ষের তরফে এক মুখপাত্র জানান, ওই উড়োজাহাজের যাত্রীদের মুম্বই পৌঁছে দেওয়ার জন্য তাঁদের একটি উড়োজাহাজ দিল্লি থেকে বারাণসী পাঠানো হয়।
গত কয়েক দিনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত দু’দিনের মধ্যে উড়োজাহাজের জরুরিকালীন অবতারণের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে পাখির ঝাপটায় আমদাবাদ থেকে ওড়া একটি বিমানকে আবার নামতে হয় ওই বিমানবন্দরেই। যদিও এমন ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ ডিজিসিএ। তারা জানাচ্ছে, এমনটা হতেই পারে।
-B










