দুর্ঘটনা ও যুদ্ধের প্রভাব : ম্লান প্যারিস এয়ার শো

ঢাকাঃ ফ্রান্সের লে বুরজে বিমানবন্দরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম উড়োজাহাজ ও আকাশ প্রতিরক্ষা প্রদর্শনী ‘প্যারিস এয়ার শো’। বরাবরের মতো এ আয়োজন ঘিরে কোম্পানিগুলো বিপুল ক্রয়াদেশের প্রত্যাশা করলেও সাম্প্রতিক দুটি ঘটনা তাদের মাঝে অস্বস্তি বাড়িয়ে দিয়েছে।
ঘটনাগুলো হলো, ভারতে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনা ও ইরান-ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা।
২ বছর পর পর আয়োজিত এয়ার শোটিতে বৈশ্বিক উড়োজাহাজ শিল্প ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো যুদ্ধবিমান, বাণিজ্যিক এয়ারলাইনার ও স্বয়ংক্রিয় ড্রোনসহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শন করে। এবারের আয়োজনে কিছু কর্মকাণ্ড সীমিত রাখা হয়েছে। কয়েক দিন আগে আহমেদাবাদে উড্ডয়নের পর এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ২৪০ জনের বেশি নিহত হওয়ার ঘটনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে শুক্রবার (১৩ জুন) শুরু হওয়া ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এতে বহু ফ্লাইট বাতিল বা রুট পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক এভিয়েশন খাতে।
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান শুল্ক বিবাদ ও তার দ্বিতীয় মেয়াদের বাণিজ্যনীতিও এ শিল্পে অস্থিরতা সৃষ্টি করেছে। উড়োজাহাজের যন্ত্রাংশ, ইঞ্জিন ও উপাদান আমদানিতে শুল্ক আরোপের কারণে উৎপাদন ব্যয় বেড়েছে। ব্যাহত হচ্ছে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলা।
এবার এয়ার শোতে বোয়িংয়ের শীর্ষ দুই কর্মকর্তা সিইও কেলি ওর্টবার্গ ও কমার্শিয়াল বিমানের প্রধান স্টেফানি পোপ শেষ মুহূর্তে তাদের অংশগ্রহণের সিদ্ধান্ত বাতিল করেছেন। বোয়িং চাইছে দুর্ঘটনার পটভূমিতে প্রচারের আলোয় কম আসতে। বোয়িং ৭৮৭ ভিন্ন মডেল হলেও কোম্পানিটি আগে থেকেই ৭৩৭ ম্যাক্স-সংক্রান্ত দুটি বড় দুর্ঘটনার কারণে চাপে আছে।
তবে এত চাপের মধ্যেও এয়ারবাসের জন্য ভালো খবর হলো, পোল্যান্ড তাদের জাতীয় এয়ারলাইনস সংস্থা এলওটির জন্য প্রায় ৪৭টি এ ২২০ উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে, যা পোল্যান্ড-ফ্রান্স সম্পর্কের পুনর্গঠন প্রক্রিয়ার অংশ।
একই সঙ্গে মালয়েশিয়াভিত্তিক এয়ার এশিয়া এয়ারবাসের এ ২২০ মডেল অর্ডার দিতে পারে। সৌদি আরবভিত্তিক এভিলিজ ও রিয়াদ এয়ারের পক্ষ থেকেও দুটি নতুন অর্ডার পাওয়ার কথা রয়েছে।
এই এয়ার শো শুধু বাণিজ্যিক আকাশযান নয়, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন প্রদর্শন করছে বিভিন্ন দেশ ও কোম্পানি।
-B










