বিমানের তিন প্রকৌশলীকে দুদকের জিজ্ঞাসাবাদ

মিসর থেকে দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার ক্ষেত্রে এক হাজার ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান প্রকৌশলীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর)রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁদের সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক জেসমিন আক্তারের নেতৃত্বাধীন একটি টিম তাঁদের জিজ্ঞাসাবাদ করে।
যাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাঁরা হলেন—বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রক্ষণাবেক্ষণ শাখার প্রধান প্রকৌশলী মো. এস এ সিদ্দিক, প্রিন্সিপাল প্রকৌশলী এস এম হানিফ ও দেবেশ চৌধুরী।
দুদক সূত্রে জানা যায়, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে মিসরের ইজিপ্ট এয়ারের বোয়িং ৭৭৭-২০০ ইআর নামের দুটি উড়োজাহাজ লিজ নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। কিন্তু ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসেই ফ্লাইট পরিচালনার পর একটি উড়োজাহাজের ইঞ্জিন বিকল হয়।
-B










