বিমানের প্রধান কার্যালয়ে দুদকের অভিযান

সিন্ডিকেট করে বাংলাদেশ বিমানের টিকিটের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদকের এনফোর্সমেন্ট টিম।
সংস্থার সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার নেতৃত্ব উপ-সহকারী পরিচালক হাবিবুর রহমান ও রোকনুজ্জামান রোকনের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযোগ রয়েছে, এক শ্রেণির অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির যোগসাজশে কৃত্রিম সংকট তৈরি করে। ঢাকা-গুয়াংজু ফ্লাইটের টিকিট বিক্রিতে এমন সিন্ডিকেট করার অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ অভিযান চালায়।
দুদক জানায়, অভিযোগ রয়েছে, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে টিকিট সিন্ডিকেট করছে। অভিযানকালে দুদক টিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে বিপণন ও বিতরণ বিভাগে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য গ্রহণ করেছে। ঢাকা-গুয়াংজু ফ্লাইটের টিকিট বিক্রি সংক্রান্ত প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করে।
এছাড়াও অভিযোগ সংশ্লিষ্ট কয়েকটি এজেন্সির সঙ্গেও কথা বলে এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও টিকিট বিক্রি সংক্রান্ত রেকর্ডপত্র সংগ্রহ করেছে টিম, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
-B










