৪ ঘন্টা পর ঢাকায় পৌঁছলো কলকাতায় যান্ত্রিক ত্রুটিতে পড়া বিমান

কলকাতা থেকে উড্ডয়নের আগ মুহূর্তে হঠাৎ ইমার্জেন্সি দরজা খোলা থাকার অ্যালার্ম বেজে ওঠায় রওনা হওয়ার পরিকল্পনা বদলে ফেলেন পাইলট।
বুধবার (২২ ফেব্রুয়ারী) রাতে দেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ নম্বর ফ্লাইটে ঘটেছে এ ঘটনা। ফ্লাইটটি কলকাতা থেকে ঢাকায় আসার কথা ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজি-৩৯৬ ফ্লাইটটি বুধবার স্থানীয় সময় রাত ৯ টা ১৫ মিনিটে কলকাতা থেকে উড্ডয়নের কথা ছিল। পরে এক ঘণ্টা দেরিতে, অর্থাৎ ১০ টা ১৫ মিনিটে ফ্লাইটটি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র জানিয়েছে, বিমানটি ঠিকমতোই টার্মিনাল ভবন থেকে রানওয়ের দিকে গিয়েছিল; কিন্তু উড্ডয়নের আগ মুহূর্তে বেজে ওঠে বিমানের অ্যালার্ম। পরে ক্রু ও পাইলটরা দেখতে পান এটি ইমার্জেন্সি এক্সিটের (প্লেন থেকে বের হওয়ার জরুরি নির্গমন পথ) অ্যালার্ম।
অ্যালার্ম বেজে ওঠার পর রানওয়েতে থাকা অবস্থায়ই উড্ডয়নের সিদ্ধান্ত থেকে সরে আসেন পাইলট এবং ধীরে ধীরে রানওয়ে থেকে সরে এয়ারক্রাফটকে টার্মিনালের দিকে নিয়ে যান।
সূত্র জানায়, বিমানটির ইমার্জেন্সি এক্সিট আসলেই খোলা ছিল নাকি এটা ফলস অ্যালার্ম ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পাইলট এবং বিমানের ইঞ্জিনিয়ারিং টিম বিষয়টি নিয়ে কাজ করছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি মেরামতের পর কলকাতা থেকে উড্ডয়ন করে রাত দেড়টায় ঢাকায় অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন।
-B










