দীর্ঘ ৯ মাস পর সেন্টমার্টিন গেল দুটি পর্যটকবাহী জাহাজ

দীর্ঘ প্রতীক্ষার পর টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ৬১০ জন যাত্রী নিয়ে ২৮৬ দিন পর সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায় দুটি জাহাজ।
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, ‘‘চলতি পর্যটন মৌসুমে দীর্ঘ প্রতীক্ষার পর প্রশাসনের অনুমতি নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌ-রুটে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ‘এমভি পারিজাত' ও ‘এমভি রাজহংস' নামের দুটি জাহাজ ৬১০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। শনিবার থেকে অন্যান্য জাহাজগুলো চলাচল করবে।''
জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান জানান, বুধবার (১১ জানুয়ারী)নৌ পরিবহন মন্ত্রনালয়ের উদ্যোগে আন্তঃমন্ত্রনালয়ের এক সভা অনুষ্ঠিত হয়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও অধিদপ্তর, দপ্তরের প্রতিনিধিদের অংশগ্রহনে অনুষ্ঠিত সভায় টেকনাফ থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত হয়, তারই আলোকে শুক্রবার সকাল থেকে দুটি জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয় এবং শনিবার থেকে লাইসেন্স ও ফিটনেস আছে এমন সকল জাহাজ চলবে।
জেলা প্রশাসক জানান, এ ক্ষেত্রে জাহাজ কর্তৃপক্ষকে কিছু শর্ত দেয়া হয়েছে তা না মানলে জাহাজ চলাচলের অনুমতি বাতিল করা হবে।শর্তগুলোর মধ্যে রয়েছে, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না। জাহাজে পর্যাপ্ত ঝুড়ি রাখতে হবে যাতে চিপস বা কোনো পলিথিন ও প্লাস্টিক সাগরে না ফেলে এবং প্রতিটি জাহাজে এ বিষয়ে সতর্কতামূলক প্ল্যাকার্ড দিতে হবে। সেন্টমার্টিন দ্বীপের প্লাস্টিক বর্জ্য জাহাজে করে এপারে নিয়ে আসতে সাহায্য করতে হবে। পরিবেশ ও জীববৈচিত্র্য যাতে ধ্বংস না এ বিষয়ে সচেতন করতে জাহাজে প্রচারনা চালাতে হবে। এরকম আরো কয়েকটি অবশ্যই পালনীয় শর্ত সাপেক্ষে জাহাজ চলাচলের অনুমতি দেয়া হয়েছে, যার ব্যত্যয় ঘটলে অনুৃমতি বাতিল করা হবে বলেও জানান তিনি।
ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, ‘‘পর্যটন মৌসুমের আর মাত্র দুই মাস সময় বাকি। এই দুই মাসে আমরা পর্যটকদের সেন্টমার্টিন ভ্রমণের আনন্দ দিতে চাই। টেকনাফ-সেন্টমার্টিনে অনেক শিক্ষার্থী ভ্রমণ করে। আবার অনেক অস্বচ্ছল লোকজনও সেন্টমার্টিন ভ্রমণ করতে চায়। জাহাজ মালিকদের আমরা অনুরোধ করবো যারা অক্ষম তাদের টিকিট মূল্য বিবেচনা করতে। সর্বোপরি আমরা আশা রাখছি, পর্যটকরা নিরাপদে সেন্টমার্টিন ভ্রমণ করতে পারবেন।''
উল্লেখ্য, নাফ নদীতে নাব্য সংকট ও মিয়ানমারে চলমান সংঘর্ষের কারণ দেখিয়ে ২০২২ সালের ৩০ মার্চ থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখে প্রশাসন।।
-B










