২৭ মাস পর বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু

দীর্ঘ ২৭ মাস বন্ধ থাকার পর ঢাকা-কলকাতা ও ঢাকা-আগরতলা রুটে আন্তঃদেশীয় বাস সার্ভিস চালু হয়েছে।
শুক্রবার (১০ জুন) সকালে সাড়ে ৭টায় মতিঝিল বিআরটিসি কাউন্টার থেকে কলকাতার উদ্দেশ্যে শ্যামলী পরিবহনের বাসটি ছেড়ে যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব নীলিমা আক্তার এবং যুগ্ম-সচিব মো. আনিসুর রহমান। এছাড়াও শ্যামলী পরিবহনের চেয়ারম্যান রমেন্দ্রনাথ ঘোষ ও এমডিসহ সংশ্লিষ্ট কর্মকর্তরা।
ভারত থেকে প্রতিদিন সকাল ৭টায় সল্ট লেকের করুণাময়ীর কাউন্টার থেকে বাস ছাড়বে। অন্যদিকে ঢাকা থেকেও একই সময় ছাড়বে বাস। কলকাতা থেকে শ্যামলী পরিবহনের বাস সোম, বুধ ও শুক্রবার চলবে। আর ঢাকা থেকে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার কলকাতার উদ্দেশে বাস ছাড়বে।
কলকাতা থেকে বাকি তিন দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি)। রোববার কোনো দেশেরই বাস চলবে না।
অন্যদিকে, সপ্তাহের তিন দিন কলকাতা-ঢাকা-আগরতলা রুটেও বাস চলবে। কলকাতা থেকে দুপুর ১২টায় ছাড়বে আগরতলার বাস। আর আগরতলা থেকে বিকেল ৪টায় ছাড়বে কলকাতার উদ্দেশ্যে।
জানা যায়, ঢাকা-শিলিগুড়ি, ঢাকা-খুলনা-ঢাকাসহ মোট চার রুটে প্রথমে আন্তঃদেশীয় বাস সার্ভিস চলবে। এরপর ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাস চলাচল করবে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, চারটি রুটে বাস চলাচল শুরু হচ্ছে। ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটের বাসের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।
করোনার কারণে ২০২০ সালের মার্চে বন্ধ হয়ে যায় বাংলাদেশ-ভারতের বাস যোগাযোগ। চলতি বছরের মার্চে এই সেবা ফের চালুর পরিকল্পনা থাকলেও ভিসা জটিলতায় তা বাস্তবায়ন করা যায়নি। এসব রুটে বিআরটিসির তত্ত্বাবধানে বাস চালায় বাংলাদেশের বেসরকারি প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন।
-B










