মালদ্বীপের পর চেন্নাই, বাহরাইন রুট নিয়ে ভাবছে বিমান

পূর্ব ঘোষণা অনুযায়ী আজ (১ জুন) থেকে ঢাকা-মালে ফ্লাইট পরিচালনার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। কিন্তু ফ্লাইট পরিচালনার জন্য বিমান লিজ না নেওয়া এবং আসন্ন হজ ফ্লাইট পরিচালনার জন্য সেটি সম্ভব হয়নি। তবে, কর্তৃপক্ষ বলছে হজের যাত্রী আনা নেওয়া শেষে মালদ্বীপে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশি পতাকাবাহী এই বিমান সংস্থাটি।
বুধবার (১ জুন) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান এয়ারলাইন্সেট ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল।
মোস্তফা কামাল বলেন, এ মৌসুমে আজকে থেকে মালেতে আমাদের ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু আজকে থেকে যাচ্ছে না। কারণ, আমরা কোনো বিমান হজের জন্য লিজ নিচ্ছি না। নিজস্ব ফ্লাইট দিয়ে আমরা হজ যাত্রী নিয়ে যাব। যদি আজকে থেকে মালেতে একটি ফ্লাইট যেত এবং আগামী ৫ তারিখ থেকে হজ যাত্রী আনা নেওয়া করা হতো। যেটা ব্যবসায়িকভাবে সফল না। আবার আজকে থেকে যে ফ্লাইট মালে যাবে, সেটি ফিরে এসে চুপ থাকবে। এটাও আমাদের ব্যবসায়িক পলিসি না। সেজন্য মালেতে আমরা হজ সম্পন্ন করেই যাবো। আমাদের সবকিছু রেডি আছে। এরপর আমরা চেন্নাই, বাহরাইনের রুটের বিষয়গুলো ভাবছি।
-B










