আগোরা কিনে নিচ্ছে শ্রীলঙ্কার সফটলজিক

বাংলাদেশের প্রথম সুপারমার্কেট চেইন আগোরা কিনে নিচ্ছে শ্রীলঙ্কার সফটলজিক হোল্ডিং পিএলসির সহযোগী কোম্পানি সফটলজিক রিটেইল হোল্ডিংস।
কলম্বো স্টক এক্সচেঞ্জে দেওয়া এক ঘোষণায় সফটলজিক জানিয়েছে, আগোরা লিমিটেডের শতভাগ মালিকানা তারা কিনে নেবে এবং অর্থ তারা শোধ করবে কিস্তিতে।
তবে কত টাকায় এই লেনদেন হচ্ছে, সে বিষয়ে কোনো তথ্য সফটলজিক প্রকাশ করেনি। তারা বলেছে, আত্মীকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে চুক্তির শর্তের ভিত্তিতে এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে।
শ্রীলঙ্কায় রিটেইল ব্যবসায় সামনের সারিতে থাকা কোম্পানি সফটলজিক বস্ত্র, ইলেকট্রনিক্স, মোবাইল হ্যান্ডসেট, অটোমোবাইল, আর্থিক সেবা, আইসিটি ও স্বাস্থ্যসেবা খাতেও ব্যবসা করে।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া মিলিয়ে এ কোম্পানির কর্মী সংখ্যা ১১ হাজারের বেশি, বার্ষিক আয় ৪২ কোটি ডলার।
রহিমআফরোজ গ্রুপের উদ্যোগে দেশের প্রথম সুপারশপ হিসেবে আগোরার যাত্রা শুরু হয়েছিল ২০০১ সালে। পরে এর পরিচালনায় অংশীদার হয় ব্রামার অ্যান্ড পার্টনার্স বাংলাদেশ।
আগোরার ১৮টি আউটলেটের মধ্যে রয়েছে ঢাকায় ১৫টি, চট্টগ্রামে একটি ও সিলেটে দুটি।
দুই বছর আগে জেমকন গ্রুপের সুপার শপ চেইন মীনা বাজারের সঙ্গে আগোরাকে একীভূত করার আলোচনা শুরু হয়েছিল। তবে পরে বিষয়টি আর এগোয়নি।
-B










