দেশের এভিয়েশন খাত উন্নয়নে যুক্তরাজ্যের সঙ্গে চুক্তি
দেশের এভিয়েশন খাত উন্নয়ন করতে যুক্তরাজ্যের সাথে যৌথ বিবৃতিতে সই করেছে বাংলাদেশ। এ সময় ব্রিটিশ বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন বাংলাদেশের এভিয়েশন খাত শক্তিশালীকরণে যুক্তরাজ্যের আগ্রহের কথা উল্লেখ করেন। তিনি বলেন, একটি কার্যকর এভিয়েশন পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রি শক্তিশালী হওয়ার পাশাপাশি উভয় দেশেই নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।
শুক্রবার (৫ মে) লন্ডনে এই যৌথ বিবৃতি সই করা হয়েছে। ফলে এয়ারবাস হতে যাত্রী ও মালামাল পরিবহনের বিমান ক্রয়সহ বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করবে।
বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাজ্যের পক্ষে সেদেশের বিনিয়োগমন্ত্রী লর্ড ডমিনিক জনসন এতে সই করেন।
এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: তোফাজ্জল হোসেন মিয়া ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সংক্রান্ত ট্রেড এনভয় রোশনারা আলী উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের ফলে বাংলাদেশের এভিয়েশন ইন্ডাস্ট্রির উন্নয়নের পাশাপাশি যুক্তরাজ্যসহ এয়ারবাসের অন্যান্য ইউরোপীয় অংশীদারদের সাথেও বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এয়ারবাস হতে বিমান ক্রয়ের ক্ষেত্রে ইউকে এক্সপোর্ট ফাইনান্স হতে সহজ শর্তে দীর্ঘ মেয়াদী ঋণ সুবিধাও পেতে পারে বাংলাদেশ।
বাংলাদেশের এভিয়েশন সেক্টরের সম্প্রসারণ ও এর বহুমাত্রিকতা আনতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং যাত্রী পরিবহন ও কার্গো ব্যবসার ক্ষেত্রে বিমানের সক্ষমতাকে অনেক উচ্চ স্থানে নিয়ে যেতে পারে।
এটি সই করার পর সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এই উদ্যোগের ফলে এয়ারবাস এবং বাংলাদেশ বিমানের মধ্যে দীর্ঘ ও কার্যকর সম্পর্ক স্থাপিত হতে পারে, যার মাধ্যমে বাংলাদেশের সাথে ইউকে, ফ্রান্স, জার্মানি তথা ইইউ’র বর্তমান সম্পর্ক আরো শক্তিশালী হতে পারে।
-B










