এয়ার অ্যারাবিয়ার নিট মুনাফা ১৫০ কোটি দিরহাম

শারজাহ: এয়ার অ্যারাবিয়া ২০২৩ সালে ১৫০ কোটি দিরহাম নিট মুনাফা করেছে। এয়ারলাইনসটির ২০২২ সালের তুলনায় নিট মুনাফা রেকর্ড ২৭ শতাংশ বেড়েছে। সম্প্রতি প্রকাশিত এর আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
একই সময়ে এয়ারলাইনসটির আয় আগের বছরের তুলনায় ১৪ শতাংশ বেড়েছে। অর্থাৎ ২০২২ সালের ৫২০ কোটি দিরহাম থেকে ৬০০ কোটি দিরহামে উন্নীত হয়েছে। গত বছর এয়ারলাইনসটি ১ কোটি ৬৭ লাখ যাত্রী পরিবহন করেছে, যা ২০২২ সালের ১ কোটি ২৮ লাখ যাত্রীর তুলনায় ৩১ শতাংশ বেশি। এয়ার অ্যারাবিয়ার পরিচালনা পর্ষদ শেয়ার মূলধনের ২০ শতাংশ লভ্যাংশ বিতরণের প্রস্তাব করেছে।
এয়ার অ্যারাবিয়ার চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল থানি বলেন, ‘২০২৩ সাল এয়ারলাইনসটির জন্য একটি উল্লেখযোগ্য বছর ছিল। এভিয়েশন শিল্পে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও এয়ার অ্যারাবিয়া সফলভাবে তার প্রবৃদ্ধি অব্যাহত রেখেছে।’
শেখ আবদুল্লাহ বিন মোহাম্মদ আল থানি আরো বলেন, ‘এয়ার অ্যারাবিয়া তাদের পরিচালন সক্ষমতা সম্প্রসারণ করেছে পাশাপাশি নতুন রুট যুক্ত করেছে। উচ্চ মুনাফা ও আয় প্রমাণ করে যে এয়ার অ্যারাবিয়ার একটি শক্তিশালী ব্যবসায়িক মডেল রয়েছে।’
২০২৩ সালে এয়ার অ্যারাবিয়া ২৬টি নতুন রুট চালু করে মোট ২০৬ রুটে নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণ করছে। এয়ারলাইনসটির নিজেদের বহরে ৭৩টি এয়ারবাসসহ এ৩২০ ও এ৩২১ এয়ারক্রাফট যুক্ত করেছে।
আল থানি জানান, ২০২৩ সালের শেষের দিকে মুনাফা কমলেও এয়ারলাইনসটি ভালো আয় করেছে। অব্যাহত ফ্লাইট ও যাত্রীসংখ্যা বাড়ার কারণে শক্তিশালী আয় অর্জন করেছে এয়ার অ্যারাবিয়া।
-B










