মাঝ আকাশে ফের যাত্রীর লাঞ্ছনার শিকার এয়ার ইন্ডিয়ার ক্রু
যত কাণ্ড এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে। ফের মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার এক ক্রুকে শারীরিক হেনস্থার অভিযোগ উঠল যাত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গত ৮ জুলাই কানাডার টরেন্টো থেকে দিল্লিগামী ফ্লাইটে। দিল্লি বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পরে অভিযুক্ত যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত যাত্রী নেপালের নাগরিক।
বুধবার (১২ জুলাই) এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গত ৮ জুলাই টরেন্টো-দিল্লিগামী এআই১৮৮ নম্বর ফ্লাইটে এক যাত্রী শৌচালয়ের ভিতরে ঢুকে ধূমপান করেন। এমনকী শৌচালয়ে ভাঙচুর করেন। ওই অভব্য আচরণের প্রতিবাদ করেন ফ্লাইটের এক কর্মী এবং অন্য যাত্রীরা। তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন ওই যাত্রী। এমনকী হাতাহাতিতেও জড়িয়ে পড়েন।
হাতাহাতিতে বেশ কয়েকজন যাত্রী ও ফ্লাইট কর্মী গুরুতর জখম হন। পরে জোর করেই ওই অভিযুক্ত যাত্রীকে নিজের আসনে বসিয়ে দেওয়া হয়। দিল্লি বিমানবন্দরে পৌঁছনোর পরেই দুর্ব্যবহারকারী যাত্রীকে নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি অসামরিক উড়োজাহাজ পরিবহণ নিয়ন্ত্রক সংস্থার গোচরেও আনা হয়েছে।’
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে যাত্রীদের দুর্ব্যবহারের সংখ্যা বেড়ে চলেছে। গত ২৪ জুন মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে অভব্য আচরণের জন্য এক যাত্রীকে গ্রেফতার করা হয়েছিল। তার আগে এপ্রিলে গোয়া থেকে দিল্লিগামী (এআই১৮৮২) উড়োজাহাজে আচমকাই অসভ্যতামি শুরু করে দেন এক যাত্রী। পরে ওই যাত্রীকেও নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেওয়া হয়।
-B










