মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে তীব্র ঝাঁকুনি-আহত অনেকে
সিডনিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে মাঝ আকাশে আচমকা তীব্র ঝাঁকুনির কারণে অনেক যাত্রী চোট পান। যান্ত্রিক গোলযোগের কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।
গন্তব্যে পৌঁছনোর পর তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটটি সিডনির উদ্দেশে যাত্রা করেছিল।
সংবাদসংস্থা জানিয়েছে, সিডনিগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে অনেক যাত্রী আহত হয়ে পড়েন। ঝাঁকুনির ফলে যাত্রীরা আসন থেকে এ দিক, ও দিক ছিটকে পড়েন। অনেকের চোট লাগে।
সিডনিতে নামার পর আহত যাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয় বিমানবন্দরেই। কোনও যাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়নি বলে দাবি সংবাদমাধ্যম সূত্রে।
ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে খবর, ফ্লাইটটির ৭ জন যাত্রী আহত হন। উড়োজাহাজের মধ্যে চিকিৎসক এবং বিমানকর্মীরা প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেন। পরে বিমানবন্দরেও চিকিৎসার ব্যবস্থা করা হয়। কারও চোটই তেমন গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। তবে মাঝ আকাশে ঝাঁকুনির ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
চলতি বছরের মার্চ মাসে অনুরূপ ঘটনা ঘটে আমেরিকার একটি প্রাইভেট জেটে। ঝাঁকুনির কারণে সে বার এক যাত্রীর মৃত্যু পর্যন্ত হয়েছিল। যা বেশ বিরল। ঝঞ্ঝার কারণে ওই প্রাইভেট জেটটিকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে নিতে বাধ্য হয়েছিলেন পাইলট।
-B










