এয়ার ইন্ডিয়ার ৯০ উড়োজাহাজ পরিচালনায় শুধুই নারীরা

নারী দিবসে ভারতীয় উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়াকে নিতে দেখা যায় ব্যতিক্রমী উদ্যোগ। নিজেদের ৯০টি উড়োজাহাজ পরিচালনার ভার দেওয়া হয় নারীদেরকে। পাইলট থেকে কর্মী– সব স্থানেই ছিল নারীরা। এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ার উড়োজাহাজ গুলোতে দেখা গেছে এ চিত্র।
এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, জেআরডি টাটার প্রথম বাণিজ্যিকভাবে উড়োজাহাজ সেবা শুরু করার ৯০তম বছর উপলক্ষে ৯০টি উড়োজাহাজ বেছে নেওয়া হয়। গত ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত ওই উড়োজাহাজগুলোর পরিচালনার ভার শুধু নারী কর্মীদেরই দেওয়া হয়।
এয়ার ইন্ডিয়ার ৪০টি আন্তঃদেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইটে উড়োজাহাজ পরিচালনায় ছিলেন নারী কর্মীরা। এ ছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ১০টি আন্তর্জাতিক উড়োজাহাজেও পাইলট, কর্মী হিসেবে কাজ করেন শুধু নারীরা। এ ছাড়া ভারতের বিভিন্ন বিমানবন্দরের মধ্যে যাতায়াতের কাজে নিয়োজিত এয়ার এশিয়ার ৪০টি উড়োজাহাজেও সর্বস্তরে দায়িত্ব পালন করছেন নারীরা।
এয়ার ইন্ডিয়া জানাচ্ছে, তাদের মোট কর্মীর ৪০ শতাংশ এবং ককপিট ক্রুর ১৫ শতাংশ নারীদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়ায় ২০০ জন নারী পাইলট কর্মরত আছেন। ভারতের বিমান সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সেটি সর্বোচ্চ। অন্যদিকে তাদের অন্যান্য প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং এয়ার এশিয়া ইন্ডিয়ায় রয়েছেন ৯৭ জন নারী পাইলট।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রধান নির্বাহী অলোক সিং বলেন, ’আমাদের কর্মক্ষেত্রে, বিশেষত আমাদের নেতৃত্বস্থানীয় জায়গায় নারীদের ন্যায়সঙ্গত প্রতিনিধি রাখার চেষ্টা করি আমরা। সংস্থার গুরুত্বপূর্ণ পদে নারীদের যে বিশেষ ভূমিকা আছে, তা নিয়ে আমরা অত্যন্ত গর্বিত।’
-B










