বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা

বায়ুদূষণ ঢাকার নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কোনোভাবেই দূষণের মাত্রা নিয়ন্ত্রণে আসছে না।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারী) বায়ুদূষণের কারণে দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে আছে রাজধানী ঢাকা। সকাল সোয়া আটটায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২৬৩। বায়ুর মান বিচারে এ পরিস্থিতি খুবই অস্বাস্থ্যকর। রবিবারও (৫ ফেব্রুয়ারী) এ সময় ২৩৫ স্কোর নিয়ে বায়ুদূষণের দিক থেকে শীর্ষে ছিল ঢাকা। আজ এ তালিকায় ঢাকার পরই আছে চীনের শহর উহান (১৯০)।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
একিউআই স্কোরে আজ সকাল সোয়া আটটায় বায়ুর মানের নিরিখে দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারতের মুম্বাই (১৮২)। একই স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে চীনের চেংডু। পাকিস্তানের লাহোর আছে পঞ্চম স্থানে, স্কোর ১৭৫। এরপরই আছে দক্ষিণ কোরিয়ার ইনচেয়ন (১৭৪) ও চীনের বেইজিং (১৭৪)।
একিউআই বা বায়ুমান নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)। একিউআই সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে নগরবাসীর স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষ করে শিশু, বৃদ্ধ ও রোগীরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারেন।
একিউআই সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। একিউআই সূচক ৩০১ থেকে ৫০০ বা তারও বেশি হলে বাতাসের মান ঝুঁকিপূর্ণ মনে করা হয়। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।
-B










