বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

দেশে বিগত কয়েক দশকে ভয়াবহভাবে বেড়েছে বায়ুদূষণের মাত্রা। বুধবার (২২ নভেম্বর) বায়ুদূষণে বিশ্বের ১১০টি শহরের তালিকায় সকাল সকাল ৯টা ১৪ মিনিটে ঢাকার অবস্থান ছিল প্রথম। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) এ সময় রাজধানীর স্কোর ওঠে ২৪৫। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এই শহরের দূষণ স্কোরও ২৪৫ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা শহর। এই শহরের দূষণমাত্রার স্কোর ২১৬ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর।
স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে উল্লেখ করা হয়।
ক্রমবর্ধমান বায়ুদূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে এ অঞ্চলের বিভিন্ন দেশে জনপ্রতি পাঁচ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে সম্প্রতি এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যদিও বায়ুদূষণে দেশের মানুষের গড় আয়ু কমছে প্রায় সাত বছর। গত মঙ্গলবার প্রকাশিত ওই প্রতিবেদনে বায়ুর ক্রমবর্ধমান দূষণের কারণে স্বাস্থ্যের ওপর যে বিপজ্জনক প্রভাব পড়ছে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (এপিক) তাদের সর্বশেষ এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে জানিয়েছে, সবচেয়ে বেশি দূষণ দেখা গেছে বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে। -B










