দক্ষিণ চীনের ৩ শহরে ফ্লাইট চালু এয়ারএশিয়ার
কুয়ালালামপুর থেকে দক্ষিণ চীনের তিনটি শহরে ফ্লাইট সুবিধা চালু করেছে এয়ারএশিয়া। শহর তিনটি হলো কুয়ানঝউ, গুইলিন ও চেংডু (তিয়ানফু)।
এক বিবৃতিতে বলা হয়, কুয়ানঝউ ও গুইলিনে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করবে এয়ারএশিয়া মালয়েশিয়া। অন্যদিকে তিয়ানফুর কার্যক্রম পরিচালনা করবে এয়ারএশিয়া এক্স মালয়েশিয়া। আগামী ১৮ জুন তিনটি শহরে কুয়ালালামপুর থেকে উড়োজাহাজের মাধ্যমে যোগাযোগ শুরু হবে। এর মধ্যে কুয়ানঝউ থেকে ও এর উদ্দেশ্যে সপ্তাহে দুটি ও গুইলিন থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালিত হবে।
১ জুলাই তিয়ানফু থেকে ও এর উদ্দেশ্যে সপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালিত হবে এবং ৪ জুলাই থেকে তা তিনদিনে উন্নীত হবে। চীন ও মালয়েশিয়ার মধ্যে সাপ্তাহিক ১২৯টির বেশি ফ্লাইটসহ ১৫টি রুটের নেটওয়ার্কে নতুন করে শহর তিনটি যুক্ত হবে। এ বিষয়ে এয়ারএশিয়ার প্রধান নির্বাহী রিয়াদ আসমাত বলেন, ‘আমাদের ব্যবসার ভবিষ্যৎ অগ্রগতির অন্যতম বাজার হচ্ছে চীন। তাই দেশটির আর কোন অঞ্চলে ফ্লাইট চালু করা যায় সে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। ভবিষ্যতে ঘোষণার মাধ্যমে তা জানানো হবে।’
এয়ারএশিয়া এক্স মালয়েশিয়ার প্রধান নির্বাহী বেনিয়ামিন ইসমাইল জানান, মাঝারি দূরত্বের বিমান ভ্রমণের জন্য চীন সবসময়ই তাদের অন্যতম প্রধান গন্তব্য।
তিনি বলেন, ‘তিয়ানফুতে নতুন রুট চালু হওয়ার মাধ্যমে ভবিষ্যতে চীনে এয়ারএশিয়া এক্সের ফ্লাইট বাড়ার ভিত্তি হিসেবে কাজ করবে। এর মাধ্যমে উত্তর এশিয়ায় আমাদের যোগাযোগ ব্যবস্থা আরো মজবুত হবে।’
বেনিয়ামিন ইসমাইল বলেন, ‘কভিড-১৯ মহামারীর নিষেধাজ্ঞা কাটিয়ে চীন অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। আমাদের আশা শিগগিরই আরো কিছু শহরে ফ্লাইট চালু করা সম্ভব। পাশাপাশি লাভজনক রুটগুলোয় স্বল্প ও দীর্ঘমেয়াদে ফ্লাইট চালু করা যাবে।’
-B










