বিমানবন্দরে অবতরণের সময় বেকায়দায় এয়ার এশিয়ার প্লেন

প্লেনের নোজ হুইল সমস্যার কারণে কলকাতা বিমানবন্দরে অগ্রাধিকারের ভিত্তিতে জরুরী অবতরণ করে এয়ার এশিয়ার একটি প্লেন।
সূত্রমতে, শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টে ৪৩ মিনিট নাগাদ ইম্ফল থেকে কলকাতাগামী এয়ার এশিয়ার বিমান আই ৫৯৯১ কলকাতা বিমানবন্দরের অবতরণ করে নোজ হুইল ওপেন করার সময় সমস্যাগত ত্রুটি ধরা পড়ে।
এয়ারপোর্ট অপারেশনাল কন্ট্রোল সেন্টারে তৎক্ষণাৎ যোগাযোগে মেলে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি।
শেষ পর্যন্ত ৪টা ৫ মিনিটে ৬৮ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু সহ কলকাতা বিমানবন্দরে অবতরণ করে বিমানটি। পরবর্তী সময় বিমানটিকে বে নাম্বার চব্বিশে অনুসরণ গাড়ি দিয়ে নিয়ে আসা হয়। ছুটে যান সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ররা। দ্রুত নোজ হুইলের ত্রুটি মেরামতি করার পর সন্ধ্যে ৭. ১০ নাগাদ ওই বিমানটি ১৪০ জন যাত্রী বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বারংবার বিমানের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় স্বভাবতই যাত্রী নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্নের উদ্রেক হয়েছে।
এদিকে গত মাসেও গো এয়ারের প্লেন G8 519-তে বড়সড় যান্ত্রিক ক্রুটি ধরা পড়ে।প্লেনটির কলকাতা থেকে মুম্বইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল।
উড়ানের নির্দিষ্ট সময় মেনে প্লেনটি ট্যাক্সিবে থেকে রানবে-র দিকেও এগিয়েও যায়। সূত্রের খবর সে সময়ে প্লেনের বাঁদিকের ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। সূত্রের খবর, প্লেনটিতে ১৮৪ জন যাত্রী ছিলেন। সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের ইঞ্জিনিয়রদের দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত যান্ত্রিক ক্রুটি মেরামত করা সম্ভব হয়।
-B










