জুনের শুরুতেই অপারেশনে আসতে পারে এয়ার অ্যাস্ট্রা

লিজ নেয়া ৪টি এটিআর ৭২-৬০০ মডেলের এয়ারক্রাফট নিয়ে চলতি গ্রীষ্ম মৌসুমেই অপারেশনে আসতে পারে সদ্য প্রতিষ্ঠিত বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইমরান আসিফ বলেন, রোজার ঈদের পর (মে মাসের দ্বিতীয় সপ্তাহে) এয়ারক্রাফট ঢাকায় আসবে। এয়ারক্রাফট ঢাকায় আসার পর পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেটের (এওসি) জন্য আবেদন করা হবে। এওসি পেতে ৩-৪ সপ্তাহ সময় লাগবে। আশা করছি মে’র শেষ অথবা জুনের শুরুতে ফ্লাইট শুরু করতে পারব।
তিনি আরও বলেন, যাত্রা শুরুর প্রথম দিন থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটের প্রতিটি বিমানবন্দরেই ফ্লাইট চালাবে এয়ার অ্যাস্ট্রা।
২০২১ সালের বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচকের কাছে এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি ও ফ্লাইট পরিচালনার আবেদন জমা দেয় এয়ার অ্যাস্ট্রা। গত বছরের ৪ নভেম্বর তারা এনওসিও পায়। প্রাথমিকভাবে ২০২২ সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করলেও করোনা পরিস্থিতি এবং বিমানবন্দরে উড়োজাহাজ রাখার স্থান সংকটের কারণে অপারেশনে দেরি হচ্ছে বলে তারা জানায়।
ইমরান আসিফ আরও বলেন, প্রাথমিকভাবে চারটি এটিআর (৭২-৬০০ বিমান) দিয়ে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার চিন্তা রয়েছে। চারটি বিমান দিয়ে হলে অভ্যন্তরীণ সাতটি রুটে ফ্লাইট অপারেশন হবে।
এদিকে বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসরকারি দুটি বিমান সংস্থা ইউএস-বাংলা এবং নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। আর ধারদেনায় জর্জরিত হয়ে রিজেন্ট এয়ারলাইন্স ও ইউনাইটেড এয়ারলাইন্স ইতোমধ্যে তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।
-B










