২৪ নভেম্বর থেকে যাত্রা শুরু করছে ‘এয়ার অ্যাস্ট্রা’

আগামী ২৪ নভেম্বর থেকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে দেশের নতুন বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’।
মঙ্গলবার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে এয়ার অ্যাস্ট্রার উদ্বোধনের তারিখ, ফ্লাইট সূচি ও টিকিট বিক্রির কার্যক্রম (অফিসিয়াল ওয়েব সাইট) উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাহবুব আলী বলেন, আগামী ১৫ বছরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি প্রায় ৩গুন হবে। বিগত ১০ বছরে দেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুন বৃদ্ধি পেয়েছে এবং যাত্রী ও কার্গো পরিবহন প্রায় ১০ শতাংশ হারে বেড়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, এয়ারলাইন্স খাতের আরও উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী সেবার মান বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি। আরও নিরাপদ ও সুন্দরভাবে এয়ারলাইন্স পরিচালনার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ এগিয়ে চলছে। অন্যান্য বিমানবন্দরগুলোতেও উন্নয়নের কাজ চলছে।
বেবিচক চেয়ারম্যান বলেন, এয়ার অ্যাস্ট্রার প্রতি অনুরোধ, আপনারা যাত্রী সেবার বিষয়টি গুরুত্বসহকারে দেখবেন। যাত্রী সেবার মাধ্যমেই আপনারা অন্যদের তুলনায় আরও বেশি এগিয়ে যেতে পারবেন। যাত্রী সেবার মান বৃদ্ধি এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিলে এয়ার অ্যাস্ট্রা তাদের অপারেশন পরিচালনায় সফল হতে পারবে। সারা পৃথিবীতে ডোমেস্টিক ট্রিপ বেড়েছে এখানে যদি আপনার সর্বোচ্চ যাত্রী সেবা প্রদান করতে পারেন তাহলে আপনারা এগিয়ে থাকবেন।
এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, প্রায় ৯ বছর পর বাংলাদেশে একটি নতুন এয়ারলাইন্স হিসেবে আত্মপ্রকাশ করতে পেরে এয়ার অ্যাস্ট্রা গর্বিত। আমরা নিরাপদ যাত্রীসেবা এবং সময়ানুবর্তীতার মাধ্যমে নির্ভরযোগ্য এয়ারলাইন্স হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।
জানা গেছে, আগামী ২৪ নভেম্বর সকালে ঢাকা-কক্সবাজার রুটের ফ্লাইট পরিচালনার মধ্যদিয়ে যাত্রা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা। শুরুতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ৩টি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার অ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে বলেও জানা গেছে।
বাণিজ্যিক ফ্লাইট শুরুর জন্য এরই মধ্যে বেবিচকের এয়ার অপারেটর সার্টিফিকেট (এওসি) তথা চূড়ান্ত অনুমোদন পেয়েছে বিমান সংস্থাটি।
এয়ার অ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ২০২৩ সালের মধ্যে এয়ার অ্যাস্ট্রার এয়ারক্রাফটের বহর ১০টিতে উন্নীত হবে।
উল্লেখ্য, ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।
-Biplob










