এয়ারবাস ও বোয়িংয়ের সঙ্গে আলোচনায় এয়ার ইন্ডিয়া
নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাস ও বোয়িংয়ের সঙ্গে আলোচনা করছে টাটা গ্রুপের মালিকানা প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়া।
ইজারা নিয়ে এবং গ্রাউন্ডেড উড়োজাহাজ মেরামত করে তাত্ক্ষণিক চাহিদা পূরণ করছে ভারতীয় উড়োজাহাজ পরিবহন সংস্থাটি।
একটি প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি থেকে স্টিল পর্যন্ত ব্যবসা বিস্তৃত থাকা ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীটি গত জানুয়ারিতে এয়ার ইন্ডিয়ার অধিগ্রহণ সম্পন্ন করে। এরপর পুরনো উড়োজাহাজের বহর আধুনিকায়ন, প্রতিষ্ঠানকে লাভজনক হিসেবে দাঁড় করাতে এবং পরিষেবা উন্নতির জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
মুম্বাইয়ে অনুষ্ঠিত টাটা করপোরেট ইভেন্টে এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন বলেন, আমরা এয়ারবাস, বোয়িং ও ইঞ্জিন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সর্বশেষ প্রজন্মের উড়োজাহজের বড় একটি ক্রয়াদেশ নিয়ে আলোচনা করছি। এ উদ্যোগ আমাদের মধ্যম ও দীর্ঘমেয়াদি কার্যক্রমকে শক্তিশালী করবে।
তিনি বলেন, আমরা উড়োজাহাজের বহর ও বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিস্তৃতির পরিকল্পনা করছি। এ উদ্যোগের মাধ্যমে আগামী পাঁচ বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটে বাজার অংশীদারত্ব ৩০ শতাংশে উন্নীতের লক্ষ্য এয়ার ইন্ডিয়ার।
শিল্প অনুমান অনুসারে, বর্তমানে অভ্যন্তরীণ বাজারে সংস্থাটির বাজার অংশীদারত্ব প্রায় ১০ শতাংশ এবং আন্তর্জাতিক রুটে বাজার অংশীদারত্ব প্রায় ১২ শতাংশ। গত সেপ্টেম্বরে সংস্থাটি বলেছিল, ৩০টি বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ ইজারা নেয়া হবে। বাজারের অংশীদারত্ব বাড়াতে এবং পরিষেবার স্তর উন্নত করার অংশ হিসেবে এ উদ্যোগের ফলে সংস্থাটির বহর ২৫ শতাংশেরও বেশি প্রসারিত হবে।
টাটার অধীনে একটি পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছে এয়ার ইন্ডিয়া। উড়োজাহাজ পরিবহন সংস্থাটি ৩০০টির মতো সরু বডি যাত্রীবাহী জেট ক্রয়াদেশ দেয়ার বিষয়টি বিবেচনা করছে। বিষয়টি চূড়ান্ত হলে এটি হবে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচলের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রয়াদেশগুলোর একটি।
এদিকে উড়োজাহাজ পরিবহন ব্যবসা পুনর্গঠনের পরিকল্পনা করছে টাটা গ্রুপ। এ পরিকল্পনার আওতায় চারটি এয়ালাইনসকে এয়ার ইন্ডিয়া লিমিটেডের অধীনে পরিচালিত করতে চায় ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠীটি। খরচ কমাতে এবং এয়ারলাইনস ব্যবসা আরো লাভজনক করতে তুলতে এমন পরিকল্পনা করা হচ্ছে।
-B










