বিমানে তল্লাশি - যাত্রীদের ক্ষোভ ও অসন্তোষ

বিপুল স্বর্ণ থাকার খবরে একটি বিমান বাংলাদেশের একটি এয়ারক্রাফটে তল্লাশি চালানোয় সাড়ে ৩ ঘণ্টা বিলম্বে ঢাকা ছেড়েছে বিমানের দিল্লি ফ্লাইট। তবে এ তল্লাশিতে কোনো স্বর্ণ বা অবৈধ কোনো কিছু পাওয়া যায়নি।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় ছিল বিমানের ঢাকা - দিল্লি ফ্লাইট (বিজি ৩৯৭)। এতে ১৪৭ যাত্রী চেকইন করেন। বেলা সাড়ে ১১টার পরও তাদের ডেকে নেওয়া না হলে কথার শুরু হয়। দুপুর ১২টা বাজার পরও বিমান থেকে যাত্রীদের কোনো কিছুই জানতে দেওয়া হয়নি। বিকল্প উপায়ে যাত্রীরা বিমানে তল্লাশির কথা জানতে পারেন।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, কাস্টম কর্তৃপক্ষের কাছ থেকে দ্রুত ওই এয়ারক্রাফটটি এনে দিল্লিতে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এনবিআর প্রধানের সঙ্গেও কথা বলেছি। কিন্তু সুরাহা হয়নি।
এদিকে দুই ঘণ্টা লাউঞ্জে অপেক্ষায় থাকার পরও বিমান থেকে কোনো ধরনের সহানুভূতি প্রকাশ ও ব্যাখ্যা না দেওয়ায় যাত্রীদের ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। আড়াই ঘণ্টা অপেক্ষার পর যাত্রীদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
এদিকে বেলা পৌনে ৩টার পরও কাস্টমসের তল্লাশি অভিযান শেষ না হওয়ায় অন্য উড়োজাহাজ দিল্লি পাঠানোর সিদ্ধান্ত নেয় বিমান। পৌনে ৩টায় কাঠমান্ডু থেকে আরেকটি ৭৩৭ এয়ারক্রাফট আসার পর দ্রত সেটিকে পরিষ্কার করে বেলা সাড়ে ৩টার দিকে পাঠানো হয়।
জানা গেছে, দিল্লি ফ্লাইটের জন্য নির্ধারিত বিমানটি শারজাহ থেকে বেলা ১১টায় ঢাকায় পৌঁছে। এর পরই কাস্টমসের কাছে এতে স্বর্ণ থাকার খবর যায়। প্রাথমিকভাবে এই খবরের সত্যতা যাচাই ছাড়াই তারা উড়োজাহাজটি হেফাজতে নিয়ে তল্লাশি চালায়। যা ৪ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি।
এ বিষয়ে বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খোন্দকার ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ মনিটরকে বলেন, নিরাপত্তা বিভাগে কথা বলে বিস্তারিত জানাবেন।
-B










