শিগগিরই চীনের সঙ্গে বিমানের ফ্লাইট - বিমান প্রতিমন্ত্রী

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ঢাকা থেকে চীনে বাংলাদেশ বিমানের ফ্লাইট শিগগিরই চালু হবে।
ফ্লাইট চলাচলের অনুমোদনের সব ধরনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে বলেও তিনি জানান।
বৃহস্পতিবার (১১ আগস্ট ) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু আইসিটি পার্ক পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী মাহবুব আলী আরও বলেন, ‘চীনের পাশাপাশি ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ বিমান।
তা ছাড়া ভারতের সেভেন সিস্টারসসহ আশপাশের অঞ্চলে ফ্লাইট পরিচালনায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করা যাবে। এ বিষয়ে ভারতের হাই কমিশনারের সঙ্গে কথা হয়েছে বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী বলেন, ভারত, চীন, নেপাল, ভূটানসহ পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে যোগাযোগের শক্ত নেটওয়ার্ক স্থাপনের জন্য কাজ করছে সরকার। ’
যাত্রী সেবার মান নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আকাশপথে যাত্রীদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে কাজ করছে বর্তমান সরকার। অবকাঠামোগত দুর্বলতার জন্য কিছুটা অসুবিধা হচ্ছে জানিয়ে তিনি বলেন, তবে খুব শিগগিরি যাত্রীরা কাঙ্খিত সেবা পাবেন।
-B










