বিমান দিচ্ছে আরবিডি'র দোহাই, আটাব বলছে অযৌক্তিক-বিক্ষুব্ধ ওমরাহ যাত্রীরা

ওমরা যাত্রীর চাপ বৃদ্ধি পাওয়া ঢাকা-জেদ্দা-মদিনা ঢাকা রুটের টিকিট এখন সোনার হরিণ।
বিমানসহ এয়ারলাইন্সগুলো ওমরাহ টিকিটের দাম অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে। আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাযাত্রীদের টিকিটের দাম কোনো কারণ ছাড়াই দেড়শ’ মার্কিন ডলার বৃদ্ধি করেছে। এতে চড়া দামে বিমানের টিকিট কিনতে ওমরাযাত্রী ও মাধ্যপ্রাচ্যগামী কর্মীদের নাভিশ্বাস উঠছে।
আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিমানের কোনো সিট নেই। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে অনুসরণ করে বিদেশি এয়ারলাইন্সগুলো নতুনভাবে ওমরাহ টিকিটের দাম বাড়ানোর চিন্তাভাবনা করছে বলে একাধিক ওমরাহ এজেন্সির মালিক জানিয়েছেন।
ওমরাহ টিকিট এজেন্সিগুলোর কাছে সমহারে বিক্রি নিশ্চিতকরণ এবং ওমরাহ ফ্লাইট সঙ্কট নিরসনে দ্রুত জেদ্দা-মদিনা রুটে সিডিউল ফ্লাইট বৃদ্ধিসহ অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জোর দাবি জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ(আটাব) এর মহাসচিব আবদুস সালাম আরেফ।
গতকাল (১২ সেপ্টেম্বর )বিমান কর্তৃপক্ষ বরাবর এক চিঠিতে এ দাবি জানিয়েছেন বলে তিনি বাংলাদেশ মনিটরকে জানান।
গত ২৮ আগস্ট পৃথক আরেক চিঠিতেও আটাব মহাসচিব এ দাবি জানিয়েছিলেন।
কোনো কারণ ছাড়াই বিমান ১ অক্টোবর থেকে ওমরাহ টিকিটের দাম এক লাফেই ১৫ হাজার টাকা জনপ্রতি বৃদ্ধি করায় আটাব মহাসচিব আবদুস সালাম আরেফ গভীর উদ্বেগ প্রকাশ করে ওমরাহ টিকিটের মূল্য বৃদ্ধির ঘটনাকে ওমরাযাত্রীদের ওপর জুলুম বলে আখ্যায়িত করে এক্সট্রা ফ্লাইট চালুর দাবি জানান।
তিনি ওমরাহ টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে কমিয়ে আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
হজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)'র অন্যতম সদস্য মুফতি মুস্তাফিজুর রহমান ওমরাযাত্রীদের ভাড়া এক লাফেই ১৫ হাজার টাকা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিশ্ব বাজারের জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। এই মূর্হুতে ওমরাযাত্রীদের টিকিটের ভাড়া বৃদ্ধি কোনো যুক্তিকতা নেই। এতে ওমরাহ টিকিট নিয়ে অরাজাকতার সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'র প্রধান নির্বাহী কর্মকর্তা যাহিদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাদেশ মনিটরকে বলেন, রিজারভেশন বুকিং ডেজিগনেটরে এ বিষয়ে উল্লেখ আছে। এর বাইরে কিছুই করার নাই। বিশ্ব বাজারের জ্বালানি তেলের মূল্য নিম্নমুখী - এই মূর্হুতে ওমরাযাত্রীদের টিকিটের ভাড়া বৃদ্ধি যৌক্তিকতা প্রশ্ন করতেই বলেন দুটি ভিন্ন বিষয়।
উল্লেখ্য, বিমানের উর্ধ্বতন কর্মকর্তারা ১১ সেপ্টেম্বর এক সার্কুলারের মাধ্যমে ঢাকা-জেদ্দা মদিনা ঢাকা রুটের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ওমরাহ টিকিটের দাম ৯৫০ ডলার, ১০৫০ ডলার ও ১১০০ ডলার নির্ধারণ করেছে।
-B










