পোল্যান্ডে উড়োজাহাজ বিধ্বস্ত -নিহত ৫

ইউরোপের দেশ পোল্যান্ডে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৫জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও সাত জন। সোমবার (১৭ জুলাই) রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে এই ঘটনা ঘটে।
পোলিশ অর্থমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি টুইটে বলেছেন, ‘(উড়োজাহাজ দুর্ঘটনায়) অন্তত ৭জন আহত ও ৫জন নিহত হয়েছেন।’
তিনি জানিয়েছেন, আহতদের উদ্ধারে দুর্ঘটনাস্থলে ৪টি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। এই উড়োজাহাজ ঘাঁটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত।
স্থানীয় ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে, দুর্ঘটনা ঘটেছে ক্রান্নো ঘাঁটিতে। এছাড়া তারা ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, ঘাঁটির ছোট হ্যাঙ্গারে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে এবং এটির লেজের অংশ বাইরে বের হয়ে আছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে অবহিত করা হয়।
পোলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি সেসনা ২০০৮ মডেলের।
উড়োজাহাজটি যে হ্যাঙ্গারের ওপর বিধ্বস্ত হয়েছে, সেটির ভেতর মানুষ ছিলেন। বৈরি আবহাওয়া থেকে বাঁচতে কয়েকজন হ্যাঙ্গারটির ভেতর আশ্রয় নিয়েছিলেন; আর ওই সময় এটি তাদের ওপর আছড়ে পড়ে। এতে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
উড়োজাহাজটি বৈরি আবহাওয়ার কারণেও বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
-B










