হাওয়াইয়ান এয়ারলাইনস অধিগ্রহণ আলাস্কার

ওয়াশিংটন: হনুলুলুভিত্তিক হাওয়াইয়ান এয়ারলাইনস অধিগ্রহণ করেছে আলাস্কা এয়ারলাইনস। মার্কিন পরিবহন বিভাগের অনুমোদনের পর দেশটির এয়ারলাইনস কোম্পানি দুটি গুরুত্বপূর্ণ হাওয়াইয়ান রুট বজায় রাখা এবং ছয় বছরের জন্য গ্রাহক সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে সম্মত হয়েছে।
বিষয়টি উল্লেখ করে সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, এ অধিগ্রহণ চুক্তির মূল্য ১৯০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ পরিষেবা খাতে আলাস্কা ও হাওয়াইয়ানের অবস্থান যথাক্রমে পঞ্চম ও দশম। গত ডিসেম্বরে কোম্পানি দুটির একীভূতকরণ প্রস্তাব প্রকাশ্যে আসে। এরপর গত মাসে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ প্রক্রিয়ার অনুমোদন দেয়।
আলাস্কা এয়ারলাইনসের সিইও বেন মিনিকুচি এক সাক্ষাৎকারে জানান, হাওয়াইয়ান অধিগ্রহণের মাধ্যমে বড় অংকের অর্থ সাশ্রয়ের আশা করা হচ্ছে। তিন বছরে এর পরিমাণ দাঁড়াবে কমপক্ষে সাড়ে ২৩ কোটি ডলার।
সাম্প্রতিক বছরে যুক্তরাষ্ট্রের এয়ারলাইনস শিল্পে অধিগ্রহণ আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে প্রেসিডেন্টে জো বাইডেনের অধীনে মার্কিন বিচার বিভাগে সক্রিয়ভাবে এয়ারলাইনস কোম্পানিগুলোর একীভূতকরণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তবে আলাস্কা ও হাওয়াইয়ান এয়ারলাইনস কিছু শর্ত সাপেক্ষে একীভূত হওয়ার অনুমতি পেয়েছে।










