প্রশান্ত মহাসাগরে ভিনগ্রহী উড়োজাহাজ !
প্রশান্ত মহাসাগরের আকাশে ভিনগ্রহী যান (ইউএফও)! এমনটাই দাবি, প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে প্লেন নিয়ে উড়ে যাওয়া চালকদের একাংশের। ভিনগ্রহী যান নিয়ে গবেষণা করা গবেষকের মতে, গত দু’মাস ধরে প্রশান্ত মহাসাগরের আকাশে এই ভিন্গ্রহী যানগুলোকে দেখা যাচ্ছে।
সাউথ ওয়েস্ট এবং হাওয়াইয়ান উড়োজাহাজ সংস্থাসহ আরো বেশ কয়েকটি উড়োজাহাজ সংস্থার পাইলটদের দাবি, তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশে এই ধরনের একাধিক উড়ন্ত ভিন্গ্রহী যান দেখেছেন।
ভিন্গ্রহী যান চাক্ষুষ দেখা পাইলটদের মধ্যে একজন মার্ক হুলসি। তার দাবি, ১৮ আগস্ট লস অ্যাঞ্জেলেস্ উপকূলে একটি প্লেন নিয়ে উড়ে যাওয়ার সময় বুঝতে পারেন, তাঁর প্লেনের উত্তরে বেশ কয়েকটি অন্য প্লেন ঘুরে বেড়াচ্ছে। ওই প্লেনগুলো অনেক বেশি উচ্চতায় বৃত্তাকার পথে ঘুরছিল বলেও মার্কের দাবি। কিন্তু ওই আকাশে অন্য প্লেন ওড়ার বিষয়ে জিজ্ঞাসা করলে কন্ট্রোল রুমের তরফে জানানো হয় যে, তাদের কাছে ওই আকাশে অন্য প্লেন থাকার কোনো খবর নেই।
যে প্লেন চালকরা ভিন্গ্রহী যান দেখেছেন বলে দাবি করেছেন, তাঁদের অভিজ্ঞতার কথা ক্যামেরাবন্দী করেছেন প্রাক্তন এফবিআই কর্তা বেন হ্যানসেন।
এই বিষয়ে তিনি ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ডিং’ সংগ্রহ করে গবেষণা চালাচ্ছেন বলেও দাবি করেছেন। মার্কের দাবি, ২৩ মিনিটের মধ্যে তিনি সাতটি ভিন্গ্রহী যান স্বচক্ষে দেখেছেন। এই প্লেনগুলো তার প্লেনের ৫ থেকে ১০ হাজার ফুট ওপরে ছিল বলেও তিনি জানিয়েছেন।
তার দাবি, ওই প্লেনগুলো থেকে অদ্ভুত আলোর ছটা বেরোচ্ছিল। হুলসি মন্তব্য করেন, ‘আমি জীবনে অনেক প্লেন চালিয়েছি। নৌবাহিনীর এফ-১৮ প্লেনও চালিয়েছি। কিন্তু জীবনে এ রকম কোনো কিছু দেখিনি।’
-B










