এক অ্যাপে মিলবে বিমানবন্দরের সব তথ্য
মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানা যাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য। যাত্রীরা মোবাইল অ্যাপের মাধ্যেমে ফ্লাইট শিডিউল, ফ্লাইটের চেক ইন গেট, কাউন্টারের তথ্যও জেনে নিতে পারবেন। এছাড়া, বিমানবন্দরের বিভিন্ন এয়ারলাইন্স ও সংস্থার সঙ্গে যোগাযোগের ফোন নম্বরও পাওয়া যাবে এ অ্যাপটিতে।
বুধবার (১০ মে) হযরত শাহজালাল বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে এ অ্যাপ উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
এছাড়াও বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু ও ভবন নির্মাণে উচ্চতায বিষয়ে ছাড়পত্রের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।
অ্যাপটির উদ্বোধন করে বিমান প্রতিমন্ত্রী বলেন, সরকারের দূরদর্শিতায় যুগপোযোগী হচ্ছে এভিয়েশন খাত। যাত্রীদের জন্য একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা ফ্লাইট সংক্রান্ত হালনাগাদ তথ্য পাবেন। এছাড়া কাস্টমস, ইমিগ্রেশন, টার্মিনাল ভবন সম্পর্কে তথ্য জানতে পারবেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক ফ্লাইট থেকে শুরু করে সেবার সব ধরণের তথ্য মিলবে ‘এইচএসআইএ ডিজিটাল এয়ারপোর্ট সার্ভিস’ নামক মোবাইল অ্যাপে। অ্যাপটি পাওয়া যাবে গুগল প্লে স্টোরে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন ও আগমন করা যাত্রীদের জন্য সহজ ও আধুনিক ব্যবস্থার লক্ষ্যে এই অ্যাপটি তৈরি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ- বেবিচক। যাত্রীরা অ্যাপটি ডাউনলোড করে ফ্লাইট তথ্য, সেবা, যে কোনো নির্দেশনা ও বিমানবন্দর ব্যবহারের সব কিছুই আগে থেকে জানতে পারবেন। এ অনুষ্ঠানে ৬ জন নতুন নারী বৈমানিককে দেয়া হয় আর্থিক সম্মাননা। বেবিচক চেয়ারম্যান বলেন, এসডিজি লক্ষ্য পূরণের অংশ হিসেবেই এগিয়ে নেয়া হচ্ছে নারীদের।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এভিয়েশন খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান সংশ্লিষ্টরা।
তারা জানান, অনেক সময় যাত্রীরা বিমানবন্দরে সংশ্লিষ্ট এয়ারলাইন বা সংস্থার সঙ্গে যোগাযোগের মাধ্যম খুঁজে পান না। কিংবা অভিযোগ জানানোর জন্য কর্তৃপক্ষের নম্বর খুঁজে পান না। এসবের সমাধান মিলবে এ অ্যাপে। প্রয়োজনীয় সব ফোন নম্বর পাওয়া যাবে অ্যাপটিতে।
অপরদিকে বিমানবন্দরে প্রবেশ করে কোন রো-তে, কোন কাউন্টারে বোর্ডিং করতে হবে, তাও জানা যাবে অ্যাপ থেকে। ফলে যাত্রীদের তথ্য পেতে অন্য কারও সহায়তার প্রয়োজন হবে না।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানসহ মন্ত্রণালয়, বেবিচক, বিভিন্ন এয়ারলাইন্সের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
-B










