মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের সব স্টেশন চালু

মেট্রোরেলের অষ্টম ও নবম স্টেশন হিসেবে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন চালু হয়েছে। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের মেট্রোরেলের নয়টি স্টেশনের সবই চালু হলো।
শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টায় এ নতুন দুই স্টেশনের কার্যক্রম শুরু হয়।
এদিন সকাল ৮টা থেকে স্টেশন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সাড়ে আটটা থেকেই মেট্রো রেল চলাচল শুরু করে।
এর আগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর এটি সর্বসাধারণকে নিয়ে বাণিজ্যিক যাত্রা শুরু করে। সেসময় মেট্রোরেল শুধু উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশনের মধ্যে চলাচল করতো।
পরে পর্যায়ক্রমে ২৫ জানুয়ারি মেট্রোরেলর পল্লবী স্টেশন, ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন, ১ মার্চ মিরপুর-১০ স্টেশন, ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর ১১ এবং সর্বশেষ আজ চালু হলো উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন।
শুরুতে মেট্রোরেল সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চললেও গত ২৫ জানুয়ারি থেকে মেট্রোরেল সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচালনা করা হয়।
আগামী ৫ এপ্রিল থেকে দুপুর ২টা পর্যন্ত যাত্রী পরিবহন করবে বিদ্যুৎ চালিত দ্রুতগতির এই রাষ্ট্রীয় বাহনটি।
উত্তরা উত্তর স্টেশন থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের ভাড়া যথাক্রমে ২০ টাকা ও ৪০ টাকা। অন্যদিকে আগারগাঁও থেকে উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের ভাড়া যথাক্রমে ৪০ টাকা ও ২০ টাকা।
ঢাকার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ কিলোমিটার দৈর্ঘ্যের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ নামে পরিচিত। ২০১২ সালে এই প্রকল্প হাতে নেয় সরকার।
২৮ ডিসেম্বর এই পথের প্রথমাংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হলেও আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় অংশ ২০২৩ সালের শেষ দিকে চালুর পরিকল্পনা রয়েছে।
আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।
এমআরটি লাইন-৬ প্রকল্পের মূল ব্যয় ছিল ২১ হাজার ৯৮৫ কোটি টাকা। পরে মতিঝিল থেকে কমলাপুর বাড়তি অংশ যোগ হওয়ায় ব্যয় বাড়ে ১১ হাজার ৪৯৬ কোটি ৯২ লাখ টাকা। তখন সর্বমোট ব্যয় দাঁড়ায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায়।
এর মধ্যে উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়ন ১৯ হাজার ৭১৯ কোটি টাকা। আর সরকারি অর্থায়ন ১৩ হাজার ৭৫৩ কোটি টাকা।
-B










