আমেরিকান এয়ারলাইনস বিনামূল্যে দেবে ওয়াই-ফাই সেবা

ঢাকাঃ আগামী বছরের জানুয়ারি থেকে ফ্লাইটে ওয়াই-ফাই সেবা বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইনস।
আগামী বছরের জানুয়ারি থেকে ফ্লাইটে ওয়াই-ফাই সেবা বিনামূল্যে দেয়ার ঘোষণা দিয়েছে আমেরিকান এয়ারলাইনস। মার্কিন বেশির ভাগ এয়ারলাইনস এরই মধ্যে লয়্যালটি প্রোগ্রামের সদস্য বা বিশেষায়িত গ্রাহকের জন্য ইন-ফ্লাইট ইন্টারনেট সেবা ফ্রি করে দিয়েছে, এটি তারই ধারাবাহিকতা। ফলে এখনো যেসব এয়ারলাইনস এ ধরনের সেবার বাইরে রয়েছে, তাদের ওপর চাপ বাড়ছে। খবর সিএনবিসি।
আমেরিকান এয়ারলাইনস এক ঘোষণায় জানিয়েছে, বিনামূল্যের ওয়াই-ফাই সেবাটি স্পন্সর করবে মার্কিন টেলিকম কোম্পানি এটিঅ্যান্ডটি।
এ সেবা আমেরিকান এয়ারলাইনসের অ্যাডভান্টেজ লয়্যালটি প্রোগ্রামের সদস্যদের জন্য প্রযোজ্য হবে। এদিকে জেটব্লু এয়ারওয়েজ অনেক বছর ধরেই বিনামূল্যে ফ্লাইটে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। আর ডেল্টা এয়ারলাইনস ২০২৩ সালে তাদের স্কাই মাইলস প্রোগ্রামের সদস্যদের জন্য এ সেবা চালু করেছে।
ইউনাইটেড এয়ারলাইনস এখন তাদের উড়াজাহাজে স্পেস এক্সের স্টারলিংক স্যাটেলাইট ওয়াই-ফাই সংযুক্ত করছে, যা মাইলেজপ্লাস লয়্যালটি প্রোগ্রামের সদস্যদের জন্য ফ্রি করা হচ্ছে।
বর্তমানে আমেরিকান এয়ারলাইনসের ফ্লাইটে ওয়াই-ফাই ব্যবহার করতে ২০ ডলারের বেশি চার্জ দিতে হয়। তবে জানুয়ারি থেকে সেবাটি ইনটেলস্যাট ও ভায়াস্যাট স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যাবে। সংস্থাটির মতে, ২০২৫ সালের মধ্যে তাদের প্রায় ৯০ শতাংশ উড়োজাহাজে এ সুবিধা থাকবে।
অবশ্য আমেরিকান এয়ারলাইনসের কিছু পুরনো ওয়াইড-বডি বোয়িং উড়োজাহাজে এ সেবা পাওয়া যাবে না। সেখানে ওয়াই-ফাই ব্যবহারের সুযোগ থাকলেও বিনামূল্যে হবে না।
এয়ারলাইনস সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে কিছু নির্দিষ্ট রুটে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু রয়েছে। আগামী বছরের মধ্যে ৫০০টি আঞ্চলিক উড়োজাহাজে হাই-স্পিড ইন্টারনেট সংযুক্তির পরিকল্পনা রয়েছে তাদের।
এদিকে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি মার্কিন আকাশপথের আরেক বড় কোম্পানি সাউথওয়েস্ট এয়ারলাইনস।
-B










