সিক্সজি মডেম তৈরিতে কাজ শুরু অ্যাপলের

বেশকিছু সময় নিজস্ব প্রযুক্তিতে ফাইভজি মডেম তৈরির কাজ করছে অ্যাপল। সেখানে সফলতা না পেলেও থেমে থাকেনি কোম্পানিটি। আইফোনের জন্য বর্তমানে সিক্সজি মডেম তৈরিতে কাজ করছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট।
ফাইভজি মডেমের জন্য বর্তমানে কোয়ালকমের ওপর নির্ভরশীল অ্যাপল। সম্প্রতি নিউজলেটার মার্ক গুরম্যান জানান, দুই বছর ধরে সিক্সজি মডেম তৈরিতে কাজ করছে অ্যাপল। ২০৩০ সালের আগে সিক্সজি প্রযুক্তি উন্মোচন ও ব্যবহার সম্ভব হবে না বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। যে কারণে অ্যাপল বর্তমানে নিজস্ব সিক্সজি প্রযুক্তির উন্নয়ন, পরীক্ষা ও মানোন্নয়নে কাজ করছে।
বিভিন্ন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল ফাইভজি মডেম তৈরির প্রকল্প গুটিয়ে নিয়েছে। কিন্তু গুরম্যানের প্রতিবেদন বলছে, উন্নয়ন কার্যক্রম এখনো চলমান। আগের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল খুব সম্ভবত মডেম উন্নয়ন প্রকল্প বাদ দেয়ার কথা ভাবছে। আইফোন উৎপাদনকারী কোম্পানিটি প্রথম থেকেই বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার মধ্যে ছিল এবং মডেমের উন্নয়নে গুরুত্ব দেয়নি। যে কারণে পরবর্তী সময়ে নিম্নমানের মডেম চিপ তৈরি হয়েছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, একাধিক প্রকল্পে যুক্ত থাকার জন্য অ্যাপলের হার্ডওয়্যার গ্রুপ মডেম চিপে থাকা বাগ বা ত্রুটির সমাধান করতে পারেনি।
আগামী বছর নিজস্ব মডেম উন্মোচনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল অ্যাপল। সংশ্লিষ্ট সূত্রের তথ্যানুযায়ী, বর্তমানে এটি পূরণ করা এক প্রকার অসম্ভব। এছাড়া ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এটি উন্মোচন করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে সিলিকন ভ্যালিতে নতুন মডেম প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে অ্যাপল।
-B










