দশ হাজার ফুট উঁচুতে হঠাৎ খুলে গেলো প্লেনের পেছনের দরজা

রাশিয়ান একটি চার্টার ফ্লাইটে থাকা যাত্রীরা সাক্ষাৎ মৃত্যুকে অনুভব করলেন। তাঁরা যে ফ্লাইটে যাত্রা করছিলেন মাঝ আকাশে সেই ফ্লাইটের পিছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। বাইরে ছিটকে পড়ে যাত্রীদের লাগেজ।
খবর অনুযায়ী, ঘটনাটি ইরএয়ারো-এর অন্তর্গত একটি এনএন-২৬-১০০ -26 টুইন প্রপ প্লেনে ঘটেছে। সাইবেরিয়ার প্রত্যন্ত শহর মাগান থেকে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাগাদান যাওয়ার পথে মাইনাস ৪১ ডিগ্রি ঠান্ডায় উড়োজাহাজটি উড়েছিলো। ফ্লাইটটিতে ছয়জন ক্রু সদস্য সহ প্রায় ২৫ জন যাত্রী ছিলো।
ফ্লাইটটির একজন যাত্রীর শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, ফ্লাইটটির পিছনের দরজাটি খোলা। আর সেই দেখে যাত্রীরা ভয়ে কাঁটা হয়ে রয়েছেন। এমনকি বাইরে থেকে হাওয়া ঢুকে ফ্লাইটটির ভেতরে থাকা পর্দাগুলি উড়তেও দেখা গেছে। সৌভাগ্যবশত, উড়োজাহাজে থাকা যাত্রীদের কেউই আহত হননি, এবং সকলেই বাইরের হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রা থেকে সুরক্ষিত ছিলেন।
নিউজিল্যান্ড এর একটি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, দরজা খুলে যাওয়ার বিষয়টি বিমানকর্মীদের চোখে পড়তেই তাঁরা উড়োজাহাজটিকে মাগান শহরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন এবং দ্রুত উড়োজাহাজটিকে ওই অবস্থাতেই মাগান শহরে নিরাপদে নামান পাইলট।
ক্যারিয়ার ইরএয়ারো কর্তৃপক্ষ জানিয়েছে যে চার্টার ফ্লাইটের আংশিক দরজা খোলার ঘটনাটি ২৮০০-২৯০০ মিটার উচ্চতায় ঘটেছে। সংবাদপত্রটির দাবি, প্লেনটি ৪৩ বছরের পুরোনো। Antonov 26, RA-26174 বিমানটি ১৯৭৯ সাল থেকে আকাশে উড়ছে। ভয়ঙ্কর ভিডিওটি বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করা হয়েছে।
ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কোও ভিডিওটি শেয়ার করেছেন এবং রাশিয়ার প্লেনে চড়ার অভিজ্ঞতাকে রাশিয়ান রুলেট খেলার সাথে তুলনা করেছেন। রাশিয়ান কর্মকর্তারা বলেছেন যে তারা এই অনভিপ্রেত ঘটনার কারণ অনুসন্ধান করছেন।
-B










